লাশটি দুদিন ধরে মর্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত হওয়ার দুদিন পরও যুবক আলতাফ হোসেন ওরফে সাগরের (৪০) লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়ে আছে। র‍্যাবের দাবি, গত বুধবার মধ্যরাতে রাজধানীর দক্ষিণ কমলাপুরে মাদক উদ্ধারে অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা গুলি ছুড়লে র‍্যাবের পাল্টা গুলিতে একটি অটোমোবাইল ওয়ার্কশপের ভেতরে মাদক ব্যবসায়ী আলতাফ মারা যান।
র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আলতাফের বিরুদ্ধে (নিহত হওয়ার আগে) রাজধানীর চার থানায় নয়টি মামলা থাকার কথা উল্লেখ করা হয়েছে। র‍্যাব-৩-এর পরিচালক লে. কর্নেল গোলাম সারোয়ার বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, মারা যাওয়ার আগে তাঁর বিরুদ্ধে চার থানায় ১১টি মামলা রয়েছে। তবে স্বজনদের দাবি, আলতাফ সন্ত্রাসী বা মাদক ব্যবসায়ী নন। তাঁর বিরুদ্ধে মামলা নেই বলে দাবি করেন তাঁরা। দুদিন ধরে আলতাফের স্ত্রীর বড় বোন আসমা বেগম ও তাঁদের প্রতিবেশী পরিচয়ে ঢাকা মেডিকেল কলেজ মর্গে আসা কয়েকজন নারী জানান, আলতাফ তাঁর স্ত্রী নাজমা বেগম ও তাঁদের দুই সন্তান নিয়ে উত্তরার ৭ নম্বর সেক্টরে থাকতেন। তাঁর বাড়ি বাগেরহাট সদর উপজেলার বাগমারায়। আসমা বেগম দাবি করেন, কমলাপুরের বক্স কালভার্ট এলাকায় তাঁর ওয়ার্কশপ রয়েছে। সেখানকার কয়েকজন ওয়ার্কশপ মালিকের সঙ্গে আলতাফের বিরোধ চলছিল। তাঁরা দাবি করেন, আলতাফ মাদক ব্যবসায়ী নন। টিভিতে প্রচারিত খবর দেখে তাঁরা তাঁকে শেষবারের মতো দেখতে এসেছেন। লাশ দেওয়া হলে তাঁরা দাফন করতে রাজি আছেন।
এদিকে আলতাফ নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার রাতে মতিঝিল থানায় তিনটি মামলা করা হয়েছে। এর মধ্যে র‍্যাবের উপসহকারী পরিচালক এ কে এম লুৎফর রহমান বৃহস্পতিবার আলতাফের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করেন। ‘গোলাগুলিতে’ আলতাফ নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলার বাদীও ডিএডি লুৎফর।
তিন মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক শেখ ফরিদ বলেন, দুদিনেও আলতাফের লাশ নিতে পরিবারের কেউ আসছে না। প্রতিবেশীদের কাছে লাশ হস্তান্তর করা যায় না। আলতাফ নিহত হওয়ার ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।