লাশবাহী গাড়ি উল্টে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে লাশবাহী গাড়ি উল্টে দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার হাজারীহাটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, রাজধানীতে রিকশা চালাতেন পাকাধারা গ্রামের আমিনুর রহমান (৫৫)। গত বৃহস্পতিবার তিনি মারা যান। গতকাল তাঁর লাশ গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছিল। লাশবাহী ওই গাড়িতে ছিলেন আমিনুরের চাচাতো ভাই লেবু হোসেন (৩০) ও আমিনুরের মেয়ের শাশুড়ি রাবেয়া খাতুনসহ (৪৪) আরও কয়েকজন। লাশবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে হাজারীহাটে কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের কাছে একটি পুকুরে পড়ে উল্টে যায়। এতে লেবু, রাবেয়াসহ লাশবাহী গাড়িতে থাকা সবাই আহত হন। হাসপাতালে নেওয়ার পথে লেবু ও রাবেয়া মারা যান।