লাশের অপেক্ষায় থাকা তিন পরিবারে ঈদের আনন্দ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত পোহালে ঈদুল আজহা। কিন্তু রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তিন পরিবারে এর আনন্দ নেই। তাদের দিন কাটছে স্বজনের লাশের প্রতীক্ষায়। ঈদের আগে এমন অপেক্ষা তীব্র যন্ত্রণায় পোড়াচ্ছে তাদের।

গত ২৭ জুলাই সৌদি আরবের দাম্মাম শহরে সড়ক দুর্ঘটনায় ছয় বাংলাদেশি নিহত হন। এর মধ্যে দুই সহোদরসহ গোয়ালন্দের চারজন। নিহত বাকি দুই যুবকের বাড়ি ফরিদপুর। সম্প্রতি তাঁদের লাশ পরিবারের কাছে পৌঁছালেও গোয়ালন্দের কারও লাশই আসেনি।

গোয়ালন্দের নিহত চারজন হলেন মাতুব্বর পাড়ার কোব্বাত খাঁ, দৌলতদিয়ার মিরাজ মণ্ডল এবং দরাপেরডাঙ্গি গ্রামের এরশাদ ব্যাপারী ও হুমায়ুন ব্যাপারী। এর মধ্যে এরশাদ ও হুমায়ুন সহোদর।

গতকাল বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা যায়, দরজার পাশে মুখে হাত দিয়ে দেয়ালে শরীর ঠেকিয়ে নির্বাক দাঁড়িয়ে আছেন এরশাদ ব্যাপারীর স্ত্রী শিউলি আক্তার। ভেতর থেকে ভেসে আসছে মায়ের কান্নার আওয়াজ।

মা নুরজাহান বেগম আহাজারি করছেন আর বলছেন, ‘তোমরা আমার দুই কলিজারে আইনা দাও। আমি কারে নিইয়া বাঁচবরে, বেটা। আমার কিসের ঈদ, এরশাদ-হুমায়ুনরে তোমরা আইনা দাও। আমি আর কিচ্ছু চাই না।’

গত বছর ২৫ ডিসেম্বর ফরিদপুর সদরের চর মাধবদিয়া গোলডাঙ্গী গ্রামের ইয়াকুব শেখের মেয়ে শিউলিকে বিয়ে করেন এরশাদ। বিয়ের তিন মাস পর ১৪ মার্চ সৌদি আরব যান এরশাদ। যাওয়ার আগে নববধূকে কথা দেন, ঈদে দেশে ফিরে তাঁকে নিয়ে ঘুরে বেড়াবেন।

দরজায় হেলান দিয়ে থাকা শিউলি আক্তার বলেন, ‘বিয়ের পর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। সে আমারে কথা দিয়েছিল ঈদে বাড়ি এসে বেড়াতে নিয়ে যাবে। এখন আমার কিসের ঈদ, ভাই? আমি কোথায় যাব? তাঁর চেহারা না দেখা পর্যন্ত আমি কোথাও যাব না।’

উঠানে চুপচাপ বসে ছিলেন বাবা অহেদ আলী ব্যাপারী। পাশে বাড়ির বড় ছেলে মঞ্জু ব্যাপারী।

মঞ্জু বলেন, ফরিদপুরের দুই লাশই বাড়ি এল। অথচ আমাদের কারও খবর নেই। সৌদি আরবে এরশাদ ও হুমায়ুনের কয়েক সহকর্মীর কথামতো লাশ দেশে আনতে প্রায় ২ লাখ ১৭ হাজার টাকা পাঠিয়েছি ১৫-২০ দিন আগে। তারপরও লাশ দেশে না আসায় দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

নিহত কোব্বাত খাঁর বাবা উসমান খাঁ বলেন, ‘প্রায় পাঁচ মাস আগে কোব্বাত সৌদি যান। আগামী বছর দেশে ফিরে বিয়ে করার কথা। কোব্বাতের লাশটা এখন পর্যন্ত এল না। কবে আসবে তাও জানি না।’

অপর নিহত মিরাজ মণ্ডলের বাবা ছহের মণ্ডল ছোট ছেলেকে হারানোর শোকে এখনো চুপচাপ। কারও সঙ্গে ভালোভাবে কথা বলেন না। শুধু বললেন, ‘আমার মিরাজ কবে দেশে আইব? বাবা, তোমরা মিরাজরে নিইয়া আসো না।’

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসান হাবিব প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে লাশ ফিরিয়ে আনার ব্যাপারে আবেদন করা হয়েছে। এর সর্বশেষ অবস্থা কী, তা জানা নেই।