লাশের ওপর দিয়ে ট্রেন চলাচল
দিনাজপুরের হিলি রেলস্টেশনের কাছে পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগুমটি ও উত্তর গোপালপুর গ্রামের মাঝামাঝি রেললাইনের ওপর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ আজ সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত পড়ে ছিল। লাশটি পড়ে থাকা অবস্থাতেই রেললাইনের ওপর দিয়ে বেশ কয়েকটি ট্রেন চলাচল করে। পরে বেলা একটার দিকে সান্তাহার রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
আটাপাড়া ও উত্তর গোপালপুর গ্রামের বেশ কজন প্রত্যক্ষদর্শী জানায়, লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ছাড়া একটি হাত প্লাস্টিক তার দিয়ে বাঁধা, দুটি পা ভাঙা এবং পরনে লাল ট্রাউজার ও কালো হাফশার্ট দেখা গেছে। তাঁর বয়স ৩২-৩৫ বছর হবে। আটাপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা মজনু হোসেন ও মিনহাজুল ইসলাম জানান, কয়েকজন কসাই ওই এলাকায় ভোর চারটার দিকে গরু জবাই করতে যান। এ সময় তাঁরা রেললাইনের ওপর লম্বালম্বিভাবে একটি লাশ পড়ে থাকতে দেখেন। ঘটনাটি তাঁরা স্থানীয় লোকজনকে জানান। তাঁরা মুঠোফোনে হিলি জিআরপি ফাঁড়িতে খবর দেন। কিন্তু জিআরপি পুলিশ লাশটি উদ্ধারে কোনো ব্যবস্থা নেয়নি। ভোর থেকে বেলা একটা পর্যন্ত লাশটি সেখানেই পড়ে ছিল। লাশের ওপর দিয়ে বেশ কয়েকটি আন্তনগর ট্রেনসহ লোকাল ট্রেন চলাচল করে। তবে লাশটি রেললাইনের সমান্তরালে ছিল বলে ট্রেনে কাটা পড়েনি।
হিলি রেলস্টেশন মাস্টার মো. এমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলো ডটকমকে বলেন, ভোর থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাঁচটি আন্তনগর ও একটি লোকাল ট্রেন চলাচল করেছে। ঘটনাটি জানার পর পাকশী কন্ট্রোলরুমে জরুরি বার্তা পাঠানো হয়। কিন্তু সেখান থেকে লাশ সরানোর ব্যাপারে কোনো নির্দেশ দেওয়া হয়নি।
দিনাজপুরের হিলি জিআরপি ফাঁড়ির ইনচার্জ মো. এমদাদুল হক বলেন, ‘সকালে ঘটনাটি জেনেছি। আমার দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে পড়ে না বলে বিষয়টি জানিয়ে সান্তাহার জিআরপি থানায় তারবার্তা পাঠানো হয়েছিল। কিন্তু তারা কেন লাশ উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেয়নি তা বলতে পারব না।’
জানতে চাইলে সান্তাহার জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘আমি সকাল ১০টার দিকে খবর পেয়েছি। এর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে ঘটনাস্থল দূরে হওয়ায় সেখানে পৌঁছাতে সময় লেগেছে। হিলি জিআরপি পুলিশ খবর পাওয়ার পর লাশটি সরানোর ব্যবস্থা করতে পারত।’
সান্তাহার জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, বেলা একটার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এটি হত্যাকাণ্ড কি না তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না। তবে লাশের মাথা, পা, গলা ও শরীরে জখমের চিহ্ন ছিল।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন খন্দকার বলেন, ‘ঘটনাটি জেনেছি। এখনো পর্যন্ত তাঁর নাম-ঠিকানা পাওয়া যায়নি।’