লাশের ওপর দিয়ে আরেকটি ট্রেন যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি
রংপুরের বদরগঞ্জে কাটা পড়া সেই নারীর লাশের ওপর দিয়ে আরেকটি ট্রেন যাওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় সহকারী ট্রাফিক তত্ত্বাবধায়ক সাজ্জাদ হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় সহকারী সিগন্যাল প্রকৌশলী বিমান বিশ্বাস ও সহকারী মেকানিক্যাল প্রকৌশলী রেজাউল করিম। কমিটিকে আজ বুধবারের মধ্যে বিভাগীয় ব্যবস্থাপকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল বিকেলে কমিটির সদস্যরা ঘটনাস্থলে এসে তদন্তকাজ শুরু করেন। লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আবদুল হাই মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।রোববার বদরগঞ্জের ১০ নং রেলগেট আউটার সিগন্যালের দেড় শ গজ দূরে রমনা নামে একটি লোকাল ট্রেনে কাটা পড়েন অজ্ঞাতপরিচয় এক নারী। এরপর বদরগঞ্জ রেলওয়ে স্টেশন ও দিনাজপুরের পার্বতীপুরের খোলাহাটি রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের মধ্যে লাইনের ওপর থেকে লাশ সরানো নিয়ে শুরু হয় ঠেলাঠেলি। পরে লাশের ওপর দিয়ে সেভেন আপ নামের আরেকটি ট্রেন চলে যায়। এর পরও লাশটি উদ্ধার করা হয়নি। পরে কে বা কারা লাশটি বস্তায় ভরে নিয়ে যায়।