বিলাপে-স্তব্ধতায় শোকার্ত স্বজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওপরে বাম থেকে ইশতিয়াক বিন মাহমুদ ও সাব্বির হাসান। নিচে বাম থেকে শাহরিয়ার ইসলাম নোমান ও এস এম গোলাম রহিম।
ওপরে বাম থেকে ইশতিয়াক বিন মাহমুদ ও সাব্বির হাসান। নিচে বাম থেকে শাহরিয়ার ইসলাম নোমান ও এস এম গোলাম রহিম।

হোল্ডিং নম্বর ৬৪, পশ্চিম তেজতুরী বাজার। ১৩ এপ্রিল রাতে এই বাড়ির ছেলে সাদ্দাম হোসেন অঙ্কুর রওনা দিয়েছিলেন সেন্ট মার্টিনের পথে। সেই অঙ্কুর আজ বাড়ি ফিরেছেন, তবে লাশ হয়ে। ৬৪, পশ্চিম তেজতুরী বাজারের বাড়ি ছেড়ে তাঁর শেষ ঠিকানা হলো মিরপুর কবরস্থান।
দুপুরে অঙ্কুরদের বাড়িটি ছিল লোকে লোকারণ্য। স্বজনেরা ভিড় জমিয়েছিলেন অঙ্কুরের মা-বাবাকে শোক জানাতে। কেউ ফিসফিস করে কথা বলছিলেন, কারও চোখ ছিল টেলিভিশনে নিবদ্ধ। টেলিভিশনের মাধ্যমেই তাঁরা প্রথম অঙ্কুরের মৃত্যুসংবাদটি জানতে পেরেছিলেন। এত মানুষের পদচারণ, ফিসফাসের মধ্যেও সবার বুকে বিঁধেছে অঙ্কুরের মায়ের বিলাপ।
অঙ্কুরের মা বিলাপ করে বলছিলেন, কম্পিউটার প্রযুক্তি বিভাগের শেষ পরীক্ষা দিয়ে তাঁর একমাত্র ছেলে বন্ধুদের সঙ্গে বেড়াতে যান। ছেলের কাছে টাকা নেই জেনে তিনি আড়ালে ডেকে ছেলের হাতে টাকা তুলে দিয়েছিলেন। তখন তিনি ঘুণাক্ষরেও টের পাননি সেই টাকা দিয়ে তিনি ছেলের মৃত্যু কিনছেন। বাবা গোলাম ফারুকই বা কী করে সইবেন পুত্রশোক। বারবার তিনি বলছেন, ‘আমার বাবা! আমার বাবা! আমার বাবাকে এনে দাও।’ 
হারিয়ে গেছে ঠাকুরগাঁওয়ের ছেলে মানফেজুল ইসলাম ইভানও। ইভান সাঁতার জানত না। বাবা পই পই করে নিষেধ করেছিলেন সাগরে নামতে। ছেলে কথা রাখেননি। সেন্ট মার্টিন পৌঁছেই সাগরে নেমেছেন, সাগর কেড়ে নিয়েছে ইভানের প্রাণ। ইভানকে হারিয়ে বাবা অসহায়, মা জ্ঞান হারাচ্ছেন বারবার।

 লাশটাও কি পাব না?

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরও চার ছাত্র এখনো নিখোঁজ। ‘সেন্ট মার্টিনে দুজন ছাত্র মারা গেছেন, কয়েকজন নিখোঁজ’ হঠাত্ টিভিতে এমন খবর দেখে চমকে যান মাহমুদউল্লাহ গাজী। বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে। ছেলের মুঠোফোনে রিং হতেই অন্যপ্রান্তে আর কারও গলা। একজন ফোন ধরে বলেন, ‘আংকেল ও গোসল করতে নেমেছে। আমরা ওকে খুঁজে পাচ্ছি না।’

পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট গোলাম রহিম বাপ্পী। বাপ্পীর মা ছেলে হারানোর খবর শোনার পর থেকে শয্যাশায়ী। বাপ্পীর বাবা অবসরপ্রাপ্ত উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শামসউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘অন্যরা তো লাশটাও পেয়েছে। কিন্তু আমাদের কপালে হয়তো লাশও জুটবে না।’

শাহরিয়ার ইসলাম নোমান, সাব্বির হাসানের পরিবারেও চলছে মাতম। সবাই খোঁজ নিচ্ছেন উদ্ধার তত্পরতার কী হলো। বাড়িতে এসে বা টেলিফোনে তাঁদের খবর নিচ্ছেন স্বজনেরা।

 চলছে উদ্ধারকাজ: এক দিন পেরিয়ে গেছে। নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি, পুলিশ, স্থানীয় প্রশাসন, সেন্ট মার্টিন ফিশিং বোর্ড মালিক সমিতি ও সেন্ট মার্টিন বাজার মালিক সমিতির ২০০ জনের দল সাগর চষেও খুঁজে পায়নি নিখোঁজ ইশতিয়াক বিন মাহমুদ, শাহরিয়ার ইসলাম নোমান, সাব্বির হাসান ও এস এম গোলাম রহিমকে। 

কোস্ট গার্ডের কর্মকর্তা লে. শহিদ আল আহসান বলেছেন, মায়ানমারের দিকে চলে না গেলে ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হয়তো লাশ ভেসে উঠবে।