লাশের মিছিল থামাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাপস সরকার হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। নেত্রকোনা ও সুনামগঞ্জ স্টুডেন্ট ফোরাম ও সংস্কৃত বিভাগের শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তাপসের খুনিদের ফাঁসি চাই, হত্যার বিচার চাই, হত্যাকারীদের গ্রেপ্তার চাইসহ নানা প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা দুপুর ১২টার সময় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মৌন মিছিল বের করেন। ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে পরে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য দেন শরীফুল ইসলাম, এনামুল হক, নাজমুল হাসান, মিজানুর রহমান, মোয়াজ্জেম হোসেন, ফারুক রাসেল, দীপ্ত সরকার প্রমুখ শিক্ষার্থী।
বক্তরা বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। এ মিছিল থামাতে হবে। লাশের মিছিল থামাতে বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটির বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। এ জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন শিক্ষার্থীরা।
ছাত্রলীগের এক পক্ষের সংবাদ সম্মেলন: তাপস সরকারকে হত্যা করে হত্যাকারীরা তাঁর লাশ নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ করেছে সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষ। তারা তাপস হত্যার বিচার বিভাগীয় তদন্ত, প্রক্টরের অপসারণসহ চার দফা দাবি তোলে।
গতকাল বিকেলে নগরের প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের নেতা-কর্মীরা চার দফা দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে তাপসের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ ও তাঁর দুই ভাইকে বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রদান এবং এই হত্যাকাণ্ডে জড়িতদের সনদ বাতিল করা। শিগগিরই এসব দাবি মেনে নেওয়া না হলে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি এবং সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ পক্ষের নেতা অমিত কুমার বসু।
অমিত কুমার তাঁর বক্তব্যে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল ও টেন্ডার বাণিজ্য নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেনি দাবি করে বলেন, ‘পরিকল্পিতভাবে তাপস সরকারকে হত্যা করেছে বিশ্ববিদ্যালয়ে নানা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা।’
‘নিজেরা নিজেদের কর্মী হত্যা করে ভিএক্স পক্ষের ওপর দোষ চাপাচ্ছে’—গত বুধবার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন ভিএক্স পক্ষের জুনিয়র কর্মীরা। অমিত কুমার ভিএক্স পক্ষের এই অভিযোগের ব্যাপারে বলেন, তাঁদের এই দাবি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন এবং পুলিশ ও স্থানীয় প্রশাসনের তদন্তে বেরিয়ে এসেছে কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌলাহ দায়িত্বে অবহেলা করে উল্টো সন্ত্রাসীদের মদদ দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তাঁকে দ্রুত অপসারণের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন জুয়েল, অমিত কুমার বসু, রেজউল হক, কিশোর দাশ, ওমর ফারুক, কাউসার হায়দার, আরমান হাবিব প্রমুখ।
দোষীদের শাস্তি দাবি শিক্ষক সমিতির: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাপস হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান ও ক্ষোভ প্রকাশও করেন শিক্ষক নেতারা।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন সম্ভাবনাময়ী তরুণ এভাবে চলে যাবে, এটি কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে শিক্ষার্থীদের সহনশীল আচরণ করার অনুরোধ জানান। ১৫ ডিসেম্বর শিক্ষক সমিতির এক বৈঠকে এই বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত হয় বলেও জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।