আইনজীবী এম ইউ আহমেদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ অস্বীকার করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘লাশের রাজনীতি করার জন্যই এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে।’ গতকাল শনিবার দুপুরে সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।মাহবুবে আলম বলেন, ‘পুলিশের সঙ্গে আমি কথা বলে জেনেছি, হার্ট অ্যাটাকের সময় পুলিশ এবং তাদের গাড়ি ছিল বলেই তিনি (এম ইউ আহমেদ) তখন বেঁচে গিয়েছিলেন। প্রশ্ন রেখে তিনি বলেন, সত্যিই শারীরিক নির্যাতন করা হলে তা তদন্তের জন্য বিএনপির আইনজীবীরা এত দিন আদালতে তদন্তের দাবি করেননি কেন? এখন তাঁরা যে বক্তব্য দিচ্ছেন, তা ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।হাইকোর্টে হট্টগোলের মামলায় গত ১১ আগস্ট গ্রেপ্তার হওয়ার পর বিএনপি-সমর্থক আইনজীবী এম ইউ আহমেদ অসুস্থ অবস্থায় গত শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। তাঁর স্ত্রী এবং বিএনপি-সমর্থক আইনজীবীদের অভিযোগ, পুলিশ তাঁকে গ্রেপ্তারের পরপর তাদের নির্যাতনের কারণে এম ইউ আহমেদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। এ কারণেই তিনি মারা গেছেন।তবে পুলিশ দাবি করেছে, গ্রেপ্তারের পর এম ইউ আহমেদ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। এরপর ১৬ আগস্ট তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।এম ইউ আহমেদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ দাবি করে তাঁর স্ত্রী সেলিনা আহমেদ শুক্রবার রাতে রমনা থানায় এজাহার দাখিল করেন। তাতে আসামি হিসেবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নামও রয়েছে। এজাহারে করা অভিযোগকে ‘হাস্যকর’ দাবি করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমাকে অবৈধ চাপ দিতে ও হেনস্তা করতে এটা করা হয়েছে।’এম ইউ আহমেদের মৃত্যুর পর সুরতহাল প্রতিবেদনকে প্রভাবিত করতে অ্যাটর্নি জেনারেল স্কয়ার হাসপাতালে গেছেন বলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন মন্তব্য করেছিলেন শুক্রবার। এর জবাবে অ্যাটর্নি জেনারেল গতকাল বলেন, ‘তাঁর এ বক্তব্য আমাকে ব্যথিত করেছে, ক্ষুব্ধ করেছে।’ খন্দকার মাহবুব হোসেনের ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মানহানির মামলা করার কথা ভাবছেন বলে জানান তিনি।