লাস্ট ডেট বলতে কোনো শব্দ নেই: মেয়র নাছির
মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময়ের মধ্যে চিঠির জবাব দেবেন কি না, তা নিশ্চিত করেননি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে। ‘৫ শতাংশ না দেওয়ায় বরাদ্দ কম পেয়েছি’—মেয়রের এ বক্তব্যের ব্যাখ্যা চেয়ে সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে মেয়রকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগর ভবনে মেয়র সাংবাদিকদের বলেন, ‘লাস্ট ডেট (শেষ দিন) বলতে কোনো শব্দ নেই। এটির কোনো বাধ্যবাধকতা নেই। এটি কোনো শোকজ না। এটি কোনো ব্যাখ্যাও না। আমি আমার অবস্থান থেকে যা যা করার করব ও বলব। সব দেখবেন ও জানবেন।’ তিনি বলেন, ‘আমি যা কিছু করছি চট্টগ্রামের স্বার্থে, শুধু চট্টগ্রাম নয়, দেশের স্বার্থেও। শুধু আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে বলেছি বিষয়টি এমন না।’
এর আগে ১২ আগস্ট চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে মন্ত্রণালয়ের চিঠির বিষয়ে সাংবাদিকদের মেয়র বলেছিলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যেই স্থানীয় সরকার বিভাগের চিঠির জবাব দেওয়া হবে।
১০ আগস্ট চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘চট্টগ্রাম নগর সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে ৫ শতাংশ করে দিতে রাজি না হওয়ায় করপোরেশনের জন্য পর্যাপ্ত বরাদ্দ পাননি। তিনি বলেন, ‘যদি ৫ শতাংশ করে দিতে পারতাম, তাহলে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা আনতে পারতাম।’ বিভিন্ন গণমাধ্যমে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর বক্তব্যের সপক্ষে প্রমাণ দিতে অনুরোধ জানিয়ে ১১ আগস্ট মেয়রকে চিঠি দেয় স্থানীয় সরকার বিভাগ।
চিঠিতে কোন কর্মকর্তা কোথায় কখন ঘুষ দাবি করেছেন, কে কোথায় কখন পাজেরো জিপ চেয়েছেন, কোন প্রকল্পের অর্থ ছাড়ে কোন কর্মকর্তা জটিলতা সৃষ্টি করেছেন, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে উপযুক্ত প্রমাণ মন্ত্রণালয়ে দাখিল করতে বলা হয়। এতে বলা হয়, চট্টগ্রামের মেয়র যে অভিযোগ এনেছেন, তা অত্যন্ত ‘গুরুতর’।