লাহারহাট-ভেদুরিয়া ঘাটের দুটি ফেরিই বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-ভোলা সড়কপথের লাহারহাট-ভেদুরিয়া নৌপথের সর্বশেষ চালু থাকা ফেরিটিও গত তিন দিন ধরে বিকল পড়ে আছে।ফলে বরিশালের সঙ্গে ভোলা, লক্ষ্মীপুরসহ সংশ্লিষ্ট দক্ষিণাঞ্চলের অন্য জেলাগুলোর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। উভয় ঘাটে আটকা পড়েছে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন। গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ফেরি মেরামত বা বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি।বৃহস্পতিবার সরেজমিনে ভোলা অংশের ভেদুরিয়া ঘাটে গিয়ে দেখা গেছে, তিন শতাধিক মালভর্তি ট্রাক আটকে রয়েছে। দিলীপ বড়ুয়া, মো. আমির হোসেন, বশির আহমেদসহ কয়েকজন ট্রাকচালক ক্ষুব্ধ কণ্ঠে অভিযোগ করেন, এই ঘাটের আশপাশে শুধু চর আর নদী। এখানে নিরাপত্তার ব্যবস্থা নেই। কোটি কোটি টাকার পণ্য নিয়ে তাঁরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। ঘাটে একটি মাত্র ভাতের হোটেল থাকলেও সেখানে খাবারের দাম অনেক।তাঁরা আরও জানান, এ ঘাটে আটকে পড়া পণ্যবাহী অধিকাংশ ট্রাক মালভর্তি করে চট্টগ্রামের বিভিন্ন জেলা থেকে এসেছে। এখন তাদের ফেরার কোনো পথ নেই। একই অবস্থা বরিশাল অংশের লাহারহাট ফেরিঘাটেও। সেখানে আটকে পড়া কাঁচামালবাহী একটি ট্রাকের চালক মনোয়ার হোসেন বলেন, তিন দিনে ট্রাকের অনেক মাল নষ্ট হয়ে গেছে। বাকি মাল ট্রলারযোগে পাঠানোর চেষ্টা চলছে।কামাল হোসেন নামের অপর এক ট্রাকচালক বলেন, লাহারহাট ঘাটে কোনো আবাসিক হোটেল নেই। তিন দিন ধরে ট্রাকের ভেতর কষ্ট করে থাকতে হচ্ছে।বরিশাল বিআইডব্লিউটিসি ও ফেরিঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এই নৌপথে ‘অপরাজিতা’ ও ‘দোলনচাঁপা’ নামে দুটি ফেরি চলাচল করত। গত ১৮ জুলাই অপরাজিতা ফেরিটি বিকল হয়ে পড়ে। তার পর থেকে একটি মাত্র ফেরি দোলনচাঁপা দুই ঘাটের যান পারাপার করছিল। সর্বশেষ গত মঙ্গলবার সেটিও বিকল হয়ে পড়ে।তিন দিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় বরিশালের বিভিন্ন সংগঠন ক্ষোভ প্রকাশ করেছে। তাঁরা অভিযোগ করেছেন, এই সড়কপথে পণ্য পরিবহনে বিঘ্ন ঘটায় দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। তাঁরা দ্রুত অন্য স্থান থেকে ফেরি এনে গুরুত্বপূর্ণ এ সড়কপথটি সচল করার দাবি জানিয়েছেন।বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্যসচিব ডা. মিজানুর রহমান বলেন, যখন একটি ফেরি নষ্ট হয়েছিল, তখন ব্যবস্থা নিলে আজকের এ পরিস্থিতির সৃষ্টি হতো না।বিআইডব্লিটিসি বরিশালের সহকারী মহাব্যবস্থাপক গোপাল কৃষ্ণ মজুমদার প্রথম আলোকে বলেন, ‘ফেরি চালু করার ব্যাপারে আমরা সওজের সহযোগিতা চেয়েছি। ইতিমধ্যে দোলনচাঁপা ফেরির নির্মাতা প্রতিষ্ঠান নিউ ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের প্রকৌশলীরা বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন। যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।’ভোলা জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম বলেন, ফেরিঘাটে আটকে পড়া যানবাহনগুলোর নিরাপত্তা বিধান করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।