লাহারহাট-ভেদুরিয়া নৌপথে ফেরি বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর-চট্টগ্রাম মহাসড়কের লাহারহাট-ভেদুরিয়া নৌপথে চলাচলকারী একটি ফেরি গত রোববার বিকল হয়ে পড়ে। এতে ১৪ কিলোমিটার দীর্ঘ এই নৌপথে মাত্র একটি ফেরি চলাচল করছে। ফেরি-সংকটের কারণে গত কয়েক দিনে দুই প্রান্তে কয়েক শ যানবাহন আটকা পড়ে। গতকাল মঙ্গলবারও অর্ধশতাধিক যানবাহন আটকে থাকতে দেখা গেছে।বরিশাল ট্রাক মালিক সমিতির সদস্য সোহেল রাঢ়ী অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) গাফিলতির কারণে প্রায়ই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পণ্য নিয়ে আমরা গন্তব্যে যখন পৌঁছাই, তার আগেই অনেক পণ্য পচে যায়। যার ক্ষতিপূরণ আমাদের দিতে হচ্ছে। এ ঘটনার স্থায়ী সমাধান করতে এই নৌপথে নতুন ফেরি দেওয়া জরুরি।’বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, লাহারহাট-ভেদুরিয়া নৌপথে দুটি ফেরি চলাচল করে। প্রতি তিন ঘণ্টা পর এপার থেকে একটি ও ভোলা প্রান্ত থেকে আরেকটি ফেরি যানবাহন পারাপার করে। দীর্ঘ নদীপথে মাত্র দুটি ফেরি দিয়ে সামাল দেওয়া কষ্টসাধ্য ব্যাপার। এর মধ্যে গত রোববার ফেরি দোলনচাঁপায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেটি অচল অবস্থায় পড়ে রয়েছে। ইঞ্জিনের একটা অংশ মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সেটি মেরামত হয়ে আসার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে।