লায়লা হাসানকে নিয়ে আনন্দ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার সন্ধ্যা। শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনের আলো নিভে গেল হঠাৎ। অন্ধকার মিলনায়তনের চারদিকে জ্বলে উঠল প্রদীপের মৃদু আলো, সঙ্গে রবীন্দ্রনাথের গান। ‘আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা...।’ কয়েকটি দলে ভাগ হয়ে নৃত্যশিল্পীদের একটি অংশ প্রদীপ হাতে নাচতে নাচতে এগিয়ে গেল মঞ্চের দিকে। একাংশ এল দর্শকসারিতে বসে থাকা প্রবীণ নৃত্যশিল্পী লায়লা হাসানের সামনে। গানে, নৃত্যে বরণ করে তাঁকে নিয়ে গেল মঞ্চে। আধো আলোয় বসে থাকা মিলনায়তনভর্তি দর্শকের বুঝতে বাকি রইল না, তিনিই পুরো আয়োজনের মধ্যমণি।সদালাপী, সুহাসিনী লায়লা হাসান সাংস্কৃতিক অঙ্গনের দীপ্তোজ্জ্বল ব্যক্তিত্ব। দেশের নৃত্যশিল্পের চর্চা ও বিকাশে বিশেষ অবদানের জন্য তিনি এ বছর পেলেন একুশে পদক। এ প্রাপ্তির আনন্দ উদ্যাপনের জন্যই গতকাল জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদ তাঁকে নিয়ে আয়োজন করেছিল বিশেষ আয়োজন।প্রথমেই ছিল বিভিন্ন সংগঠন ও নৃত্যশিল্পীদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানোর পালা। এ পর্বে তাঁর জীবনী পাঠ করেন শাহরিয়ার সালাম। সম্ভাষণ জানান মুস্তাফা মনোয়ার, আতিকুল হক চৌধুরী, বাবুল বিশ্বাস, সুলতানা কামাল, গোলাম কুদ্দুছ, হাসিনা মমতাজ প্রমুখ। শিল্পীকে শুভেচ্ছা জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, সত্যেন সেন শিল্পী সংস্থা, ব্রতচারী বাংলাদেশ ও প্রতিসৃষ্টি।পরে অনুষ্ঠানে আবৃত্তি করেন রেজিনা ওয়ালি, বেলায়েত হোসেন, শাহাদাত্ হোসেন প্রমুখ। একক সংগীত পরিবেশন করেন তপন মাহমুদ, ফাহিম হোসেন চৌধুরী, রুপু খান, অনিমা মুক্তি প্রমুখ। কীর্তন শোনান রেবেকা সুলতানা। দলীয় সংগীতে অংশ নেয় নিবেদন ও উদীচী শিল্পীগোষ্ঠী। দলীয় নৃত্য পরিবেশন করেন নৃত্যালোক, দীব্য, নটরাজ ও স্পন্দনের শিল্পীরা।‘অনন্যা’ শীর্ষ দশ পুরস্কার বিতরণী ‘মহান রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছিল ৫৮ বছর আগে। আমরা সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। ব্যারিকেড ভেঙে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভাষার জন্য সংগ্রাম করেছিলাম। কিন্তু সেভাবে নারী ভাষাসৈনিকদের মূল্যায়ন করা হয়নি। তাই আজকের এই পুরস্কার আমার কাছে এক অন্য রকম প্রাপ্তি।’ এভাবেই ভাষাসৈনিক রওশন আরা নিজের প্রতিক্রিয়া জানালেন। গতকাল রোববার বিকেলে পাক্ষিক অনন্যা আয়োজন করে ‘অনন্যা শীর্ষ দশ ২০০৯’ পুরস্কার বিতরণ অনুষ্ঠান। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এবার অন্য নয়জনের সঙ্গে প্রবীণ এই ভাষাসৈনিকও পেলেন এ পুরস্কার।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পাক্ষিক অনন্যার নির্বাহী সম্পাদক দিল মনোয়ারা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও বিশেষ অতিথি আবুল বারকাত। আয়োজনের শুরুর দিকেই শীর্ষ দশজনের হাতে তুলে দেওয়া হয় পুরস্কারের স্মারক হিসেবে ক্রেস্ট ও উপহার। ১৬ বছর ধরে পাক্ষিক অনন্যা বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দিয়ে আসছে। এবার পেলেন ভাষা আন্দোলনে অবদানের জন্য রওশন আরা, শিক্ষায় শীলা মোমেন, কারুশিল্পে মৌলুদা বেগম, বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকল্যাণে সালমা হক, সমাজকল্যাণে মনিরা রহমান, উচ্চাঙ্গ যন্ত্রসংগীতে রীনাত ফওজিয়া, অর্থনীতিতে ফাহমিদা খাতুন, প্রশাসনে হোসনে আরা বেগম, ব্যাংকিংয়ে ত্যাহিনয়াত করিম ও প্রামাণ্যচিত্রে শবনম ফেরদৌসী।