লিংকডইন কিনছে মাইক্রোসফট
২ হাজার ৬০২ কোটি ডলার দিয়ে পেশাজীবীদের নেটওয়ার্কিং ওয়েবসাইট লিংকডইন কিনে নিচ্ছে মাইক্রোসফট। গতকাল সোমবার মাইক্রোসফট করপোরেশন ও লিংকডইন করপোরেশন এ-সংক্রান্ত চুক্তির কথা ঘোষণা করেছে।
চুক্তি অনুযায়ী, প্রতি শেয়ার ১৯৬ ডলার করে ২ হাজার ৬০২ কোটি ডলার মূল্যমানের লিংকডইনের সব শেয়ার কিনে নেবে মাইক্রোসফট। মাইক্রোসফট জানিয়েছে, লিংকডইনের স্বাধীনতা ও স্বতন্ত্র ব্র্যান্ড-বৈশিষ্ট্য বজায় থাকবে। বিশ্লেষকেরা বলছেন, লিংকডইন কিনে নেওয়া মাইক্রোসফটের ব্যবসার প্রসার ও সফটওয়্যারের বিক্রিতে গতি আনতে সহায়ক হবে। এই চুক্তির ফলে বিশ্বের একটি বিশাল পেশাদার সামাজিক নেটওয়ার্কে প্রবেশের সুযোগ পেল মাইক্রোসফট। বিশ্বব্যাপী লিংকডইনের ৪৩ কোটিরও বেশি সদস্য রয়েছে।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, ‘লিংকডইন দল বিশ্বের পেশাদারদের সংযুক্ত করতে দারুণ ব্যবসায়িক প্ল্যাটফর্ম তৈরি করেছে। আমরা মাইক্রোসফট অফিস ৩৬৫-এর পাশাপাশি লিংকডইনের প্রসার বাড়াতে পারব।’
মাইক্রোসফটের লিংকডইন কিনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর গতকাল নিউইয়র্কে প্রতিষ্ঠানটির শেয়ারের দর বেড়ে ১৯৩ দশমিক ৭০ ডলারে ওঠে। ২০১১ সালের মে মাসে লিংকডইনের শেয়ার বাজারে ছাড়া হয়। চলতি বছরে ওই শেয়ারের দাম ৪০ শতাংশেরও বেশি নিচে নেমে গিয়েছিল।