‘সাত মাস আগেও হাসত-খেলত, হামাগুড়ি দিয়ে উঠে দাঁড়াত, হাটত। কী সুন্দর দিন কাটছিল আমাদের। ক্যানসার ধরা পড়ার পর থেকে সাত মাস হলো হাসপাতালে আছি মেয়ের সঙ্গে। মেয়ের চিকিৎসার জন্য বাড়িঘর সবকিছু বিক্রি করে দিয়েছি। ওপরওয়ালা মালিক।’মেয়ে ফারিয়ার (২) শয্যাপাশে বসে কথাগুলো বলতে বলতেই পারভিন আকতারের চোখ ছল ছল করছিল। ফারিয়া লিউকেমিয়া বা ব্লাড ক্যানসারে ভুগছে। তার বাবা টমটমচালক। এখন চোখের পানিই একমাত্র সম্বল। ফারিয়ার মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু ওয়ার্ডের লিউকেমিয়া ইউনিটে ভর্তি হওয়া শিশুদের বেশির ভাগই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের। চমেক হাসাপাতালের শিশু বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৮ সালে শিশু ওয়ার্ডের লিউকেমিয়া বিভাগে ভর্তি হয় ৮০ জন। এর মধ্যে মারা যায় ১৭ জন শিশু। ২০০৯ সালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০১ জনে। ওই বছর ১৯ জন শিশু মারা যায়। ২০১০ সালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৪৬ জন এবং মৃতের সংখ্যা ৩৫ জন। তবে ২০১১ সালে ভর্তির সংখ্যা কমে ৭২ জন এবং মারা যায় ১৯ জন। চলতি বছর (জুন পর্যন্ত) রোগীর সংখ্যা ৩০ জন এবং এ পর্যন্ত মারা গেছে সাতজন শিশু।সরেজমিনে দেখা গেছে, শিশু ওয়ার্ডের প্রবেশদ্বারের কাছেই দুদিকে দুটি কক্ষ নিয়ে গড়ে উঠেছে শিশু লিউকেমিয়া ইউনিটটি। বেড রয়েছে মোট আটটি। রোগী ভর্তি আছে ১৩ জন। তবে চিকিৎসকেরা জানান, ছয়-সাত মাসের পর রোগী কিছুটা সুস্থ হলে ঘরে বসেই চিকিৎসা নিতে পারে।শিশু বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘শিশু বিভাগের অপর্যাপ্ত সরকারি সরবরাহ এবং বেসরকারি দু-তিনটি সংগঠনের অনুদানের টাকায় চলছে চমেক হাসপাতালের লিউকেমিয়া ইউনিটটি। কিন্তু একজন শিশুর চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থ দরকার হয়, তা নিম্ন-মধ্যবিত্ত এসব পরিবারের পক্ষে সম্ভব নয়। যার কারণে অনেকে বাচ্চাদের প্রথমবার দেখিয়ে আর আসে না।’ক্যানসার আক্রান্ত ছেলে ইমতিয়াজকে (৫) নিয়ে রাঙ্গুনিয়া থেকে এসেছেন নঈমুদ্দিন দম্পতি। আত্মীয়স্বজনদের কাছ থেকে ধারদেনা করে ছেলের চিকিৎসা করতে ঋণের বোঝা চাপিয়েছেন দুই লাখ টাকা। নঈমুদ্দিন বলেন, ‘ছেলের মুখে হাসি ফোটাতে ভাইয়েদের কাছ থেকে ধারদেনা করেছি। জানি না, কত দিন এভাবে পারব?’চিকিৎসকেরা জানান, লিউকেমিয়া রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এক থেকে ১০ বছর বয়সী শিশুদের লিউকেমিয়া রোগে আক্রান্তের সংখ্যা বেশি। এই চিকিৎসার জন্য মেডিকেলে সরকারি সরবরাহ পর্যাপ্ত নয়। এ ক্ষেত্রে রোগীদের সহায়তার জন্য সমাজের কিছু দানশীল ব্যক্তির কাছ থেকে সাহায্য নেওয়া হয়। সানসাইন চ্যারিটিজ, ক্লাস ও রোটারি ক্লাব ছাড়াও আরও দুটি সংগঠন এই রোগে আক্রান্ত শিশুদের বাঁচাতে এগিয়ে এসেছে।তবে জনবল সংকটসহ নানা কারণে অনেক সময় এসব রোগীকে পর্যাপ্ত সেবা দেওয়াও সম্ভব হয় না। চট্টগ্রামে লিউকেমিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়লেও এই ইউনিটে দীর্ঘদিন ধরে দুটি শূন্য পদ থাকলেও কোনো শিশু ক্যানসার (পেডিয়াট্রিক হেমাটোলজিস্ট) বিশেষজ্ঞ চিকিৎসক নেই। শিশু লিউকেমিয়া ইউনিটে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় জটিল কোনো বিষয় হলে হেমাটোলজি (রক্তরোগ) বিভাগের বিভাগীয় প্রধান এবং বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ গোলাম রাব্বানীর শরণাপন্ন হতে হয় এই বিভাগের চিকিৎসকদের। এ ছাড়া রেডিওথেরাপি বিভাগে বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতি অপর্যাপ্ত থাকায় চিকিৎসায় ব্যাঘাত ঘটছে।