লিখন মাকে দেখতে গিয়েছিল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর এলাকার মনিপুর স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মাহবুবুর রহমান (লিখন)। থাকত মিরপুর ৬ নম্বর সেকশনে খালার বাসায়। তার মা পোশাকশ্রমিক হীরা বেগম থাকেন রাজধানীর অদূরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায়। গতকাল শুক্রবার স্কুল ছুটি থাকায় মাকে দেখতে গিয়েছিল মাহবুবুর; কিন্তু আর ফেরেনি।গতকাল দুপুরে নিশ্চিন্তপুর এলাকায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে মাহবুবুর (১২)। এ ঘটনার পর পোশাকশ্রমিক ও জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।আশুলিয়া থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মাহবুবুর জুমার নামাজ পড়তে গিয়েছিল বাসার কাছে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের পাশের একটি মসজিদে। নামাজ শেষে বাসায় ফেরার পথে সে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় বালুবাহী একটি ট্রাক তাকে পাশ থেকে ধাক্কা দিলে সে রাস্তার ওপর পড়ে যায়। এরপর ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, ‘চিৎকার শুনে তাকিয়ে দেখি, একটি ছেলে মাটিতে পড়ে আছে। মুহূর্তের মধ্যে একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ট্রাকচালক পালানোর চেষ্টা না করলে ছেলেটি হয়তো মারা যেত না।’আশুলিয়া থানায় মাহবুবুরের খালা কাজল রেখা জানান, ওর বাবার নাম মিজান শিকদার। বাড়ি বরিশালের কোতোয়ালি থানার চন্দ্রমোহন এলাকায়। মাহবুবুর এর আগে নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছে। প্রতি শ্রেণীতেই সে প্রথম হতো। এ জন্য ষষ্ঠ শ্রেণীতে তাকে ভর্তি করে দেওয়া হয়েছিল মনিপুর স্কুলে। থাকত বড় খালার বাসায়। শুক্রবার স্কুল বন্ধ থাকায় সে মায়ের সঙ্গে দেখা করার জন্য আশুলিয়া এসেছিল।নিশ্চিন্তপুরের বাসায় গিয়ে দেখা যায়, বুক চাপড়ে বিলাপ করছেন মাহবুবুরের মা হীরা বেগম। বারবার বলছিলেন, ‘আমার বুকের ধনরে চাপা দিয়া ওরা কীভাবে মাইরা ফালাইল রে? আমারে তো আর কেউ আম্মা কইয়া ডাকব না রে। আমার সব স্বপ্ন শেষ হইয়া গেল রে।’হীরা বেগম জানান, মাহবুবুরের বয়স যখন এক বছর, তখন স্বামীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়। একমাত্র ছেলেকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন নিয়ে তিনি চলে আসেন আশুলিয়ায়। কাজ নেন একটি পোশাক কারখানায়। শত কষ্টের মধ্যেও তিনি ছেলেকে কিছু বুঝতে দেননি। তাঁর স্বপ্ন ছিল, ছেলে এক দিন উচ্চশিক্ষিত হবে। বড় চাকরি করবে। তাঁর (হীরা) কষ্ট দূর করবে।হীরা বেগমের স্বপ্ন কেড়ে নিল একটি ট্রাক, ট্রাকচালকের অসতর্কতা।আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবীদ হোসেন খান জানান, দুর্ঘটনার পর আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিক ও বিক্ষুব্ধ জনতা আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করে এক ঘণ্টা বিক্ষোভ করেন। ট্রাকচালককে গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর তাঁরা অবরোধ তুলে নেন।এর আগে গত বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত হয় মনিপুর স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সিদরাতুল মুনতাহা ওরফে পালোমা। সকালে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার সময় মিরপুর ১৪ নম্বর সেকশনের শহীদ পুলিশ স্মৃতি কলেজের সামনে বাসের চাপায় নিহত হয় সে।