বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে লিখিত জবাব জমা দেওয়ার জন্য ২০ নভেম্বর দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এ দিন ধার্য করেন। গতকাল লিখিত জবাব দাখিলের ধার্য দিনে খন্দকার মাহবুবের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন। শুনানিতে তিনি বলেন, ব্যক্তিগত সমস্যার জন্য খন্দকার মাহবুবের পক্ষে লিখিত জবাব দাখিল করা সম্ভব হয়নি। লিখিত জবাব দাখিলের জন্য তিনি চার সপ্তাহ সময় দেওয়ার আরজি জানান। এর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। পরে ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন।
৬ অক্টোবর ট্রাইব্যুনাল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আদালত অবমাননার অভিযোগ আনে।
মোবারকের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ২৭ অক্টোবর: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী শ্যামল চৌধুরীর সাক্ষ্য গ্রহণের জন্য ২৭ অক্টোবর (রোববার) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১।
গতকাল এই মামলায় রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী মো. আবদুল মালেককে জেরা শেষ করেন আসামি পক্ষের আইনজীবী আহসানুল হক। গত ১৪ জুলাই মালেক জবানবন্দি দিলেও তাঁকে জেরা অসমাপ্ত ছিল। জেরা শেষে রাষ্ট্রপক্ষ শেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তাকে হাজির করবে বলে জানায়। পরে ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।