লিখিত পরীক্ষার প্রয়োজন দেখেন না বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়া এবং ঠিকানা ও তথ্য যাচাই (পুলিশ ভেরিফিকেশন) করাতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। যাঁকে শিক্ষক হিসেবে নিয়োগ করা হচ্ছে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করেই পরীক্ষিত হন। যেমন তাঁর বিশ্ববিদ্যালয়ে স্নাতকে আটটি সেমিস্টার পরীক্ষা হয়। এসব পরীক্ষা শিক্ষকেরাই নেন। নিয়োগ কমিটিতে বিশেষজ্ঞরাও থাকেন। তবে সবাই যদি একমত হন তাহলে লিখিত পরীক্ষা নিলেও অসুবিধা নেই। তবে খোঁজখবর নেওয়াই যেতে পারে। সে জন্য যেন দীর্ঘসূত্রতা না হয়।

শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে চিঠি দিয়ে এ বিষয়ে সুপারিশ করে। এ নিয়ে পত্রিকায় প্রতিবেদন হলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে প্রতিক্রিয়া হয়। কোনো কোনো শিক্ষক সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনা করে মন্তব্য করেন। বাইরের কেউ কেউ এর পক্ষেও মন্তব্য করেন।