‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স, মাস্টার্স—দুটিতেই আমি সেরা পাঁচের মধ্যে ছিলাম। ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আমার খুব ভালো হয়েছে। আমি জানতাম, আমি উত্তীর্ণ হব। কিন্তু প্রকাশিত ফলাফলে দেখি, আমার রোল নেই। কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছি না। সরকারি কর্মকমিশনে (পিএসসি) আমি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছি।’
৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া ফারহানা ইয়াসমিন গতকাল শনিবার প্রথম আলোকে কথাগুলো বলেন। কেবল ফারহানা নন, ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল নিয়ে হতাশা প্রকাশ করেছেন দেড় থেকে দুই শ প্রার্থী। তাঁরা সবাই ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন জানিয়েছেন। তাঁদের দাবি, কোথাও ভুল হয়েছে।
পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁদের আবেদন পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
আবেদনকারীদের একজন তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় ০৪৬৯৭৮ থেকে ০৪৭৫২৬ রোল নম্বরের মধ্যে ৬০ জন প্রার্থীর কেউই সাধারণ ক্যাডারের জন্য উত্তীর্ণ হননি। আর মাত্র দুজন পেশাগত ক্যাডারের জন্য উত্তীর্ণ হয়েছেন। আবার ০৪৭০৭২ থেকে ০৪৭৫২৬ রোল নম্বরের মধ্যে ৪৭ জন লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু এই ৪৭ জনের কেউই কোনো ক্যাডারের জন্য উত্তীর্ণ হননি। বিষয়টি অস্বাভাবিক। তাঁরা সবাই ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। কারিগরি ত্রুটি বা অন্য কোনো কারণে এমনটি ঘটতে পারে।
সুব্রত কুমার ঘোষ, তানমিরা খন্দকার, রেজাউল ইসলাম, শরীফ উদ্দিন, প্রীতম চক্রবর্তীসহ অন্তত ১০০ জন প্রার্থী প্রথম আলোকে একই অভিযোগ করেছেন। তাঁরা জানিয়েছেন, পিএসসিতে গিয়ে তাঁরা পুনর্নিরীক্ষণের আবেদনও দিয়ে এসেছেন। গত ৭ ফেব্রুয়ারি ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হয়েছেন। ১২ মার্চ থেকে তাঁদের মৌখিক পরীক্ষা শুরু হবে।
২৮ ফেব্রুয়ারি পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে। সেখানে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, মেধাবী প্রার্থীরা যাতে চাকরির সুযোগ পান, সে জন্য প্রার্থীদের উত্তরপত্র সঠিকভাবে দেখতে, এমনকি প্রয়োজনে প্রার্থীর উত্তরপত্র পুনরায় দেখতে হবে।