লিখিত প্রশ্নের যথাযথ উত্তর না পেয়ে সংসদে রুস্তম আলীর ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে মন্ত্রীদের কাছে তারকা চিহ্নিত প্রশ্নের যথাযথ উত্তর না পাওয়ায় সচিব তথা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের প্রতি গতকাল সোমবার সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী। পয়েন্ট অব অর্ডারে তিনি এই ক্ষোভ প্রকাশ করে এ ব্যাপারে স্পিকারের রুলিং দাবি করেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন।
খোঁজ নিয়ে জানা যায়, ৮ নভেম্বর চলতি অধিবেশনের প্রথম দিনে আওয়ামী লীগের সাংসদ নূরজাহান বেগম উপজেলাভিত্তিক টিআর ও কাবিখার হিসাব চেয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর কাছে লিখিত প্রশ্ন করেন। প্রায় একই রকম আরেকটি প্রশ্ন ছিল স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর। জবাবে কেবল জেলাওয়ারী টিআর ও কাবিখার হিসাব-সংক্রান্ত তথ্য দেওয়া হয়। অবশ্য ওই দিন প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে শোক প্রস্তাবের পর রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি হয়ে যায়।
গতকাল পয়েন্ট অব অর্ডারে রুস্তম আলী ফরাজী বলেন, তিনি এবং সরকারদলীয় সাংসদ নূরজাহান বেগম সংসদে লিখিত প্রশ্নের জবাব চেয়ে পূর্ণাঙ্গ উত্তর পাননি। খণ্ডিত উত্তর পেয়েছেন। তিনি বলেন, একটা লিখিত প্রশ্নের জবাবে দুই লাইনের উত্তর দিয়ে উপজেলায় যোগাযোগ করার কথা বলা হয়। তাহলে সাংসদেরা কী উপজেলায় উপজেলায় গিয়ে উত্তরের জন্য ঘুরবেন? এভাবে সংসদকে এড়িয়ে যাওয়া হয়েছে।
রুস্তম আলী এ ক্ষেত্রে মন্ত্রীকে দায়ী না করে বলেন, এটা মন্ত্রীর কাজ নয়। সচিব মন্ত্রীকে প্রশ্নের উত্তর প্রস্তুত করে দেন। মন্ত্রীর পক্ষে প্রশ্নের উত্তর পড়ে আসা সম্ভব নয়। তিনি বলেন, ‘এ ঘটনায় সাংসদ হিসেবে আমার অধিকার ক্ষুণ্ন হয়েছে। এটা আইনেরও লঙ্ঘন। দেশ ও সরকারের জন্য দেশপ্রেমিক আমলাতন্ত্র দরকার। আমরা সংসদকে প্রাণবন্ত করতে চাই। সংসদকে নির্জীব করার চেষ্টা হচ্ছে।’ তিনি এ ব্যাপারে স্পিকারের রুলিং দাবি করেন।