২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত ঘটনা সম্পর্কে সংসদীয় কমিটির কাছে লিখিত বক্তব্য দিতে সময় চেয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির কাছে গত বৃহস্পতিবার পাঠানো ই-মেইলে শারীরিক অসুস্থতার কারণে তাঁর সময় প্রয়োজন বলে জানান জেনারেল মইন। তবে কত দিন সময় প্রয়োজন, তা তিনি উল্লেখ করেননি। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে ওই ছাত্রবিক্ষোভের বিষয়ে জেনারেল মইন সংসদীয় কমিটির কাছে টেলিকনফারেন্সের মাধ্যমে তাঁর বক্তব্য তুলে ধরেন। কিন্তু সেই বক্তব্য যথাযথভাবে রেকর্ড করা যায়নি বলে পরে সংসদীয় কমিটি জানিয়েছে। এরপর কমিটি জেনারেল মইনের কাছে লিখিত বক্তব্য চেয়ে পাঠায়। এ বিষয়ে পাঠানো ই-মেইলে সাবেক সেনাপ্রধান বলেন, সংসদীয় কমিটির সদস্যদের বরাতে টেলিকনফারেন্সে দেওয়া তাঁর যে বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা যথাযথ নয়। তিনি বলেন, তিনি ওই ঘটনার দায় তত্ত্বাবধায়ক সরকারের ওপর দিয়েছেন—এমন তথ্য সঠিক নয়। ই-মেইল বার্তা পাওয়ার কথা স্বীকার করে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, অসুস্থতার কথা বলে তিনি (মইন) সময় চেয়েছেন। তবে কত দিনের সময় দিতে হবে, তা পরিষ্কার করে বলেননি। উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির ৫ নম্বর উপকমিটির সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে মইন উ আহমেদের সাক্ষ্য নেওয়া হয়। ওই টেলিকনফারেন্সের পর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি রাশেদ খান মেনন জেনারেল মইনের বক্তব্য গণমাধ্যমকে জানান।মইন উ আহমেদের চিঠি সম্পর্কে কমিটির সদস্য শাহ আলম সাংবাদিকদের বলেন, ‘সংসদীয় কমিটিতে উনি (মইন) যা বলেছেন, সেটাই গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়েছে।’ ২০০৭ সালের ২০ আগস্ট জরুরি অবস্থার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাসদস্য ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে। এরপর তা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। গ্রেপ্তার করা হয় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকসহ অসংখ্য শিক্ষার্থীকে। জারি করা হয় কারফিউ। এ ঘটনা তদন্তে গত বছরের ১৯ আগস্ট সংসদীয় উপকমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে কয়েকজনের সাক্ষ্য নিয়েছে।