একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সংবাদ সম্মেলনে বিলি করা লিখিত বক্তব্যে ভুল ছিল বলে জানিয়েছে বিএনপি।এ জন্য দলটি দুঃখ প্রকাশ করে গত সোমবার সংশোধনী দিয়েছে। সংবাদ সম্মেলনটি হয়েছিল গত শনিবার। ওই সংবাদ সম্মেলনে বিএনপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বন্ধের দাবি জানায়।সংশোধনীতে বিএনপি জানিয়েছে, গত শনিবার অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মধ্যে বিলি করা লিখিত বক্তব্যে বলা হয়েছিল, ‘বিএনপি বিশ্বাস করে, বিদ্যমান আইনি কাঠামোতে ট্রাইব্যুনাল একটি আজ্ঞাবাহী রাবার স্ট্যাম্প সংগঠন ছাড়া আর কিছুই নয়।’সংশোধনীতে বলা হয়, ‘ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। ওই শব্দগুলো লিখিত বক্তব্যে থাকলেও সেগুলো পড়েননি তিনি। তাই ওই অপঠিত শব্দগুলো সাংবাদিকদের মধ্যে বিলি করা লিখিত বক্তব্যে ভুলক্রমে ছাপা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’সংশোধনীতে বলা হয়, ‘সংবাদ সম্মেলনে মওদুদ আহমদ বলেছিলেন, বিএনপি বিশ্বাস করে, বিদ্যমান আইনি কাঠামোতে এই ট্রাইব্যুনালকে দেশের মানুষ একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে মনে করে না।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, তাঁদের দল যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে। ওই সময় যারা এ দেশের মানুষকে হত্যা করেছে, তাদের বিচার হতে হবে। বিএনপির এই অবস্থান পরিষ্কার করা হয়েছে। দলের পক্ষ থেকে যা বলা হয়েছে তা হলো বর্তমান ট্রাইব্যুনালের নিরপেক্ষতা নিয়ে। এ জন্য এই ট্রাইব্যুনাল বন্ধের কথা এসেছে, কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার করা যাবে না, এটা বলা হয়নি।