লিখে যেতে হবে মুক্তিযুদ্ধের গল্প-কবিতা: অর্থমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে অবহিত করার তাগিদ দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘এই মুহূর্তে প্রয়োজন, যে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠছে, তাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অবহিত করা। মুক্তিযুদ্ধের রচনা, কবিতা, গল্প সেগুলো আমাদের লিখে যেতে হবে। এটা একটা বড় দায়িত্ব। জাতি এই দায়িত্ব আমাদের দিয়েছে।’
আজ বুধবার জাতীয় জাদুঘরে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। ভারত সরকারের মুক্তিযোদ্ধা স্কলারশিপ স্কিমের আওতায় ঢাকা অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে এই চেক প্রদান করা হয়। ভারতীয় হাইকমিশন ও মুক্তিযুদ্ধ একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ঢাকাসহ বরিশাল, খুলনা, সিলেট, রংপুর, চট্টগ্রাম ও রাজশাহীতে এ বছর মোট ৬০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত মুক্তিযোদ্ধা স্কলারশিপ স্কিমের আওতায় সারা দেশের উচ্চমাধ্যমিক ও স্নাতক পূর্ব পর্যায়ের ১০ হাজারের বেশি শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়েছে। এর আর্থিক মূল্য ১৫ কোটি টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘সময় আমাদের হাতে খুব কম। এই মুহূর্তে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে অবহিত করার দায়িত্বটি আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই দায়িত্ব পালনকালে আমাদের এটাও বলতে হবে যে আমাদের জন্মলগ্নে আমরা যে দুরবস্থায় পড়লাম, তখন আমরা কী করে রেহাই পেলাম। আমরা রেহাই পেয়েছি বন্ধুদের সহায়তায়। সেই বন্ধুরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে।’
এ পর্যায়ে মুক্তিযুদ্ধে ভারতের অবদানের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, ‘ভারত মুক্তিযুদ্ধে আমাদের বড় রকমের সহযোগিতা করেছে। আমাদের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে। খাইয়েছে, লালন-পালন করেছে। আমাদের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে। তাঁদের যুদ্ধের জন্য তৈরি করেছে। নানাভাবে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এই স্মৃতি ভারতেও ধরে রাখার প্রচেষ্টা চলছে। আজকের এই অনুষ্ঠান সেই প্রচেষ্টারই ছোট একটা প্রয়াস।’
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ভারত সরকারের এ উদ্যোগকে অভিহিত করেন মুক্তিযুদ্ধে দুই দেশের যৌথতার ইতিহাস ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীকী প্রকাশ হিসেবে। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারত-বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী সম্পর্কের বীজ বপন করেছিলেন। বর্তমানে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। আশা করছি, আমাদের এই সম্পর্ক চিরদিন অবিচ্ছেদ্য থাকবে।’
দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম, মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান আবুল আজাদ প্রমুখ।