লিগ্যাল এইড কমিটির সভা
রাজশাহী জেলা লিগ্যাল এইড কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা গত শনিবার রাজশাহী জেলা জজ আদালত সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি হোসেন শহীদ আহমদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা আতিকুস সামাদ, গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান ভূঁঞা, বেসরকারি সংস্থা সচেতনের নির্বাহী পরিচালক হাসিনুল ইসলাম, মোহনপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য জজ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আদিবাসী, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বরিশালে আজ
কন্যাশিশু দিবস: জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে কন্যাশিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কন্যাশিশু সমাবেশ, ছড়া পাঠ, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, অশ্বিনী কুমার হল, সকাল ১০টা।
ব্যাটারিচালিত রিকশা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটি: চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, সকাল ১০টা।
শিশু অধিকার রক্ষা কমিটি: কন্যাশিশু দিবস উপলক্ষে শিশু সমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, অশ্বিনী কুমার হল, বেলা সাড়ে তিনটা।