লিগ্যাল এইডের সহায়তায় কিশোরীর নতুন জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম শ্রেণিতে পড়ার সময় মেয়েটির বিয়ে দেয় পরিবার। স্বামী যৌতুকের টাকার জন্য মাঝেমধ্যেই চাপ দিতেন। একপর্যায়ে টাকা দিতে না পারায় মেয়েটিকে তাড়িয়ে দেওয়া হয়। মেয়েটি অর্থের অভাবে মামলাও করতে পারছিল না।
ওই কিশোরী মেয়েকে লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তা দেওয়া হয়। মামলায় যৌতুকের দায়ে তার স্বামীর দণ্ড হয়। মেয়েটি ফিরে পায় নতুন জীবন। আবার পড়ালেখা শুরু করে সে। নিজের পায়ে দাঁড়াতে চায় মেয়েটি। লিগ্যাল এইড, ঝিনাইদহের সেমিনারে জীবনের গল্প বলছিল মেয়েটি।
গতকাল শনিবার সকালে জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে লিগ্যাল এইড কার্যালয়-বিষয়ক সচেতনতামূলক কর্মশালা হয়। এতে জাতীয় আইনগত সহায়তা প্রদান কার্যক্রমের সাফল্য এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল হিসেবে জেলা লিগ্যাল এইড কার্যালয়ের কার্যক্রম তুলে ধরা হয়। কর্মশালায় জেলা ও দায়রা জজ নবাবুর রহমান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সাংসদ আবদুল হাই।
সেমিনারে আরেকটি কিশোরী মেয়ে জানায়, যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে মামলা করার ক্ষমতা ছিল না তার। সব আশা হারিয়ে বাবার বাড়িতে পড়ে ছিল। এমন সময় লিগ্যাল এইডের খবর পায়। ছুটে যায় সেখানে। স্বামীর বিরুদ্ধে মামলা করে। একপর্যায়ে সমঝোতায় আসেন স্বামীর পরিবারের লোকজন। আপস-মীমাংসার মাধ্যমে স্বামীর কাছ থেকে সব পাওনা বুঝে নেয়। এটা সম্ভব হয়েছে লিগ্যাল এইড আইনগত সহায়তা দেওয়ায়।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মুখ্য বিচারিক হাকিম জাকির হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আবু আহছান হাবীব, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ সানা মো. মাহরুফ হোসাইন, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বেগম ফাহমিদ জাহাঙ্গীর, দ্বিতীয় আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ তসলিম আরিফ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক আবদুল মতিন, জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মনিরুজ্জামান, জ্যেষ্ঠ সহকারী জজ ফিরোজ মামুন, বিচারিক হাকিম আলমগীর কবীর, সহকারী জজ হুমায়ুন কবীর ও নয়ন বিশ্বাস, পিপি ইসমাইল হোসেন, জিপি সুবীর সমাদ্দার এবং আইনজীবী, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষ।