লিঙ্গ সমতার জন্য অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর স্বাধীনতা ও অধিকার সম্পর্কে নারীদের জানতে ও বুঝতে হবে। একই সঙ্গে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের জন্য সমাজে অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে। গতকাল সোমবার বান্দরবানে এক নাগরিক সংলাপে বক্তারা এ কথা বলেছেন।
বান্দরবান সদর উপজেলা মিলনায়তনে বেসরকারি সংস্থা আনন্দ ও ইকো ডেভেলপমেন্টের উদ্যোগে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর ক্ষমতায়ন, সমস্যা বিশ্লেষণ ও নির্যাতন হ্রাসকরণে করণীয় শীর্ষক এই নাগরিক সংলাপের আয়োজন করে।
বান্দরবানের জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী সংলাপের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু জাফর, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমি চক্রবর্তী, আনন্দের সমন্বয়কারী ফ্রান্সিস হালদার। সভাপতিত্ব করেন ইকো ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মংহ্নৈচিং মারমা।
আলোচকেরা বলেন, পাহাড়ি নারীদের আপাতদৃষ্টিতে স্বাধীন মনে হলেও সমাজে নীতিনির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণে তাঁদের অংশগ্রহণ নেই। দিনব্যাপী সংলাপে নারী জনপ্রতিনিধি, নারী অধিকারকর্মী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, নারী আইনজীবী, নারী উন্নয়নকর্মী, সরকারি কর্মকর্তা, গৃহবধূসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়নকর্মী স্বাগত ধর।
মানবাধিকার কমিশন বান্দরবানের জেলা সভানেত্রী ডনাইপ্রু নেলি বলেন, নারীরা নিজের স্বাধীনতা ও অধিকার সম্পর্কে সচেতন হলে কেউ তাঁদের অধিকার না দিয়ে পারবে না।