লিঙ্গভিত্তিক সহিংসতার প্রধান শিকার নারী
দেশে নারীরাই লিঙ্গভিত্তিক সহিংসতার প্রধান শিকার, যার হার ৯৬ শতাংশ। পাশাপাশি, সহিংসতার শিকার নারী ও সহিংসতার অভিযোগে অভিযুক্ত বড় অংশেরই বয়স ১৯ থেকে ৩৪ বছর।
বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) ‘গণমাধ্যমে নারী: লিঙ্গভিত্তিক সহিংসতানির্ভর আধেয় সমীক্ষা’ শীর্ষক গবেষণাতে এমনটাই দেখা গেছে। ২০১৬ সালের ১৭ থেকে ২৫ জুলাই ১৫টি সংবাদমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত লিঙ্গভিত্তিক সহিংসতার খবরের ওপর ভিত্তি করে এ সমীক্ষা করা হয়।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল সোমবার ‘লিঙ্গভিত্তিক সহিংসতার প্রতিবেদনে নারীর উপস্থাপন’ শিরোনামে জাতীয় পর্যায়ের সেমিনারে এই ফলাফল উপস্থাপন করা হয়। লিঙ্গভিত্তিক সহিংসতা বলতে শুধু লৈঙ্গিক (নারী বা পুরুষ) বৈষম্যের কারণে যে সহিংসতা হয়, তা বোঝানো হয়েছে। এ ধরনের সহিংসতা হচ্ছে ধর্ষণ, শারীরিক নির্যাতন, অ্যাসিড নিক্ষেপ, গৃহকর্মী নির্যাতন, যৌতুক, নারী পাচার ইত্যাদি। গবেষণাতে পাঁচটি করে সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনের তথ্য নেওয়া হয়েছে।
বিএনপিএসের নির্বাহী পরিচালক রোকেয়া কবিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন মফিজুর রহমান প্রমুখ।