লিচু বাঁচাতে পাখি হত্যা

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে স্থানীয় ইজারাদারেরা লিচুগাছ ইজারা নিয়ে চারপাশে কারেন্ট জাল জড়িয়েছেন। এ জালে আটকা পড়ে প্রতিদিনই মারা যাচ্ছে বিভিন্ন ধরনের পাখি। পাখি হত্যা রোধে কলেজ প্রশাসন নোটিশ জারি করলেও কোনো কাজ হচ্ছে না।
ইজারাদারেরা বলছেন, বাদুড়ের কবল থেকে লিচু রক্ষা করতে গাছে কারেন্ট জাল জড়ানো হয়েছে।
কিন্তু গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, কলেজের প্রশাসনিক ভবনের সামনে দিয়ে কলা বিভাগের দিকে এগোতেই রাস্তার দুই পাশ দিয়ে বেশ কিছু লিচুগাছ। গাছগুলোতে থোকায় থোকায় লিচু ঝুলছে। প্রতিটি গাছের চারপাশ ঘিরে দেওয়া হয়েছে কারেন্ট জাল। জালের বিভিন্ন অংশে আটকে আছে বাদুড়, বসন্ত বাউড়ি, বুলবুলিসহ বিভিন্ন জাতের প্রায় আট থেকে দশটি মৃত পাখি।
কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্যাম্পাসজুড়ে বিভিন্ন জাতের গাছ রয়েছে। ফলে প্রচুর পাখির আনাগোনা হয়। কিন্তু প্রতিবছর লিচু রক্ষার নামে গাছে জড়ানো কারেন্ট জালে আটকা পড়ে পাখি মারা যায়।
কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, কলেজ ক্যাম্পাসে ১৫টি বড় আকৃতির লিচুগাছ রয়েছে। প্রতিবছরই গাছগুলো লিচু ব্যবসায়ীদের কাছে ইজারা দেওয়া হয়। ইজারাদারেরা ফুল অবস্থা থেকে লিচু পাকা পর্যন্ত গাছগুলো নিজ দায়িত্বে রক্ষণাবেক্ষণ করেন।
অধ্যক্ষ হুমায়ুন কবির মজুমদার বলেন, ‘এডওয়ার্ড কলেজ পাখিদের অভয়ারণ্য। এই ক্যাম্পাসে বিভিন্ন জাতের প্রচুর পাখি রয়েছে। লিচু রক্ষার নামে এই পাখি নিধনের অভিযোগ আমরাও পেয়েছি। অভিযোগের সত্যতাও আছে। তাই আমরা এরই মধ্যে ইজারাদারদের সতর্ক করে নোটিশ দিয়েছি। এতেও যদি তাঁরা গাছ থেকে কারেন্ট জাল না সরান, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ইজারাদার সুলতান হোসেন বলেন, ‘বাদুড়ের অত্যাচার থেকে লিচু রক্ষা করতেই গাছে জাল জড়ানো হয়েছে। কোনো পাখি জালে আটকা পড়লে আমরা তা ছাড়িয়ে দিচ্ছি। এরপরও কলেজ কর্তৃপক্ষ বললে আমরা জাল সরিয়ে নেব।’