লিচুগাছতলায় মধু চাষ
মুকুলে মুকুলে ভরে গেছে ঠাকুরগাঁওয়ের সদরের লিচুর বাগান। মুকুল থেকে মধু সংগ্রহ করতে এগাছ-ওগাছে উড়ে বেড়াচ্ছে মৌমাছি। আর ভ্রাম্যমাণ মৌচাষিরা লিচুগাছের তলায় বাক্স বসিয়ে মুকুল থেকে মধু সংগ্রহ করতে শুরু করছেন। এতে একদিকে যেমন মধু পাওয়া যাচ্ছে, তেমনি মুকুলে পরাগায়ণ হওয়ায় লিচুর ফলনও বাড়ার সম্ভাবনা রয়েছে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ৯৮৯টি বাগানে বাণিজ্যিকভাবে বেদানা, গোলাপি, চায়না-৩, বোম্বেসহ নানা জাতের লিচুর চাষ হচ্ছে।
পৌর এলাকার গোবিন্দনগর গ্রামের জাফর আলীর একটি লিচুবাগান রয়েছে। এখানে মৌচাষ করছেন সিরাজগঞ্জের বেলকুচি গ্রামের আরিফ হাসান। আরিফ জানান, ২০০৬ সালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক) মৌমাছি প্রকল্পের ওপর প্রশিক্ষণ নিয়ে তিনি মৌচাষ শুরু করেন। প্রতি মৌসুমে ৩০ থেকে ৪০টি ভ্রাম্যমাণ মৌচাষের দল জেলার বিভিন্ন এলাকা থেকে মধু সংগ্রহ করছে।
গোবিন্দনগর গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ির পাশে ৫২টি লিচুগাছ আছে। তিনি ৪০টি গাছ আগাম মৌসুমি পাইকারদের কাছে বিক্রি করে দিয়েছেন ১ লাখ ৫২ হাজার টাকায়। তাঁর বাগানে ১০০টি বাক্স বসিয়ে মৌচাষ করছেন পঞ্চগড় সদর উপজেলার আরিফুল ইসলাম।
আরিফুল বলেন, ১০০টি বাক্স থেকে ছয়-সাত দিন পর পর পাঁচ মণ মধু সংগ্রহ করার সম্ভাবনা আছে। মৌমাছির আনাগোনা বেশি হলে এক মৌসুমে কমপক্ষে তিনবার পর্যন্ত মধু সংগ্রহ করা যায়। এক কেজি মধু খুচরা বিক্রি হয় ৩৫০ থেকে ৪০০ টাকা। এ ছাড়া সংগ্রহ করা মধুর বড় একটা অংশ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান কিনে নিয়ে যায়। তাদের কাছে প্রতি কেজি ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি করতে হয়।
লিচুবাগানের মালিক জাহাঙ্গীর আলম বলেন, বাগানে মৌমাছি যত বেশি আসবে, তত পরাগায়ণ ঘটবে। এতে লিচুর ফলনও বেশি হবে।
ঠাকুরগাঁও শহরের হলপাড়া মহল্লার বাসিন্দা শহিদুর রহমান বলেন, ‘প্রতি লিচু মৌসুমে আমি এখান থেকে পরিবারের জন্য মধু কিনে নিয়ে যাই। সবকিছুতে যখন ভেজাল, তখন এখানে খাঁটি মধু পাচ্ছি। এটা কম কিসের?’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) আশেদ আলী জানান, চলতি মৌসুমে জেলার প্রতিটি লিচুবাগানের গাছে গাছে প্রচুর মুকুল এসেছে। সুষ্ঠুভাবে পরাগায়ণ ঘটলে লিচুর ফলন ২৫ থেকে ৩০ ভাগ বেশি পাওয়া যাবে।