লিচুবাগানে লাগামহীন কীটনাশক ব্যবহার
গত বছর দিনাজপুরে গাছ থেকে ঝরে পড়া লিচু খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ১৩টি শিশু মারা যাওয়ার পরও এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রতিরোধ বা সচেতনতামূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অন্য দিকে দিনাজপুরের বিভিন্ন লিচুবাগান ঘুরে লিচু রক্ষায় বাগানমালিকদের কীটনাশকের লাগামহীন ব্যবহার করতে দেখা গেছে।দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান বিধান চন্দ্র হালদার বলেন, ফল ব্যবসায়ীদের প্রধান লক্ষ্য থাকে ফল রক্ষা করা। এ জন্য তাঁরা যেসব রাসায়নিক ব্যবহার করেন, সেগুলোর ক্ষতিকর দিক সম্পর্কে তাঁদের কোনো জ্ঞান নেই। এ অবস্থায় গত বছরের মতো দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বছরের ১ জুন থেকে ২৪ জুন পর্যন্ত লিচুতে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ১৫ জন শিশু ভর্তি হয়। এর মধ্যে ১৩ জনই মারা যায়। তারা আক্রান্ত হওয়ার পর অজ্ঞান হওয়া, কাঁপুনি, মুখ দিয়ে লালা ঝরা, শরীরে খিঁচুনি দেখা দিয়েছিল। আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এসব শিশুর মৃত্যু হয়েছে। রোগতত্ত্ব ও রোগনির্ণয় গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান ওই সময় বলেছিলেন, রোগীদের আলামত পরীক্ষা ও রোগের ইতিহাস পর্যালোচনা করে কীটনাশকের বিষক্রিয়া শিশুদের মৃত্যুর কারণ বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে মৃত্যুর কারণ পুরোপুরি নিশ্চিত হতে রোগীদের কাছ থেকে সংগৃহীত নমুনা আমেরিকায় পাঠানো হবে। সেখান থেকে প্রতিবেদন পাওয়ার পর শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আবু বক্কর সিদ্দিক বলেন, ওই প্রতিবেদন এসেছে কি না, বা প্রতিবেদনে মত্যুর কারণ কী বলা হয়েছে, তা জানা যায়নি। এদিকে ১২ ও ১৩ মে দিনাজপুরের সদর, বিরল ও খানসামা উপজেলার বিভিন্ন লিচুবাগানে প্রচুর পরিমাণে কীটনাশক ছিটাতে দেখা গেছে। বিরল উপজেলার মাধববাটি গ্রামের বাগানমালিক রফিউদ্দিন বলেন, তিনি ছত্রাকনাশক, পোকা দমনে কীটনাশক এবং লিচুর সৌন্দর্য বৃদ্ধিতে হরমোন বা ভিটামিনজাতীয় ওষুধ ছিটাচ্ছেন। এ ব্যাপারে পরামর্শ দিতে কৃষি বিভাগের কেউ কখনো আসেনি। একই রকম কথা জানান, বিরল উপজেলার বাগানমালিক মতিউর রহমান, সদর উপজেলার মাশিমপুর গ্রামের আইনউদ্দীনসহ অনেকে।