লিচুর দাম পাচ্ছেন না চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়িতে লিচুর ভালো ফলন হলেও ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা। তাঁরা বলছেন, পাইকারি ক্রেতারা না আসায় কম দামে লিচু বিক্রি করতে হচ্ছে। 
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ১৫০ একর জমিতে লিচু চাষ হয়েছে।
চাষিরা জানান, প্রতিবছর ঢাকা ও চট্টগ্রাম থেকে পাইকারি ক্রেতারা বাঘাইছড়িতে ভিড় করেন। কিন্তু এ বছর কোনো পাইকারি ক্রেতা আসেননি। তাই লিচুর বাম্পার ফলন হলেও কম দামে বিক্রি করতে হচ্ছে। আকারভেদে ১০০ দেশি লিচু ২০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ অন্যান্য বছর ১০০ লিচু ৮০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করা হয়। এ ছাড়া চায়না থ্রি, চায়না ফোর ও বোম্বে থ্রি লিচুর প্রতি শ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।
রূপকারী গ্রামের লিচুচাষি সুরেশ চাকমা ও বিনয় চাকমা জানান, ১০০ লিচু ২০ থেকে ৪০ টাকায় বিক্রি করায় গাছ পরিচর্যার খরচও উঠছে না।
ক্রেতা মো. আবদুল খালেক বলেন, লিচুর দাম খুবই কম। ১০০ লিচু সর্বোচ্চ ৪০ টাকায় পাওয়া যায়। ঢাকা-চট্টগ্রামে একই জাতের ১০০ লিচুর দাম কমপক্ষে ১৫০ টাকা। দাম কম হওয়ায় ঢাকায় স্বজনের কাছে এক হাজার লিচু পাঠিয়েছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল ইমরান জানান, এখানে তুলনামূলকভাবে লিচুর দাম অনেক কম। বাজারজাতের সমস্যার কারণে ভালো ফলন হলেও দাম পাচ্ছেন না লিচুচাষিরা। তিনি জানান, কৃষি কার্যালয় থেকে সমিতির মাধ্যমে লিচু বাজারজাত পদ্ধতি চালু করার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে পাইকারি ক্রেতাদের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না।