লিচুর বাগান ঘিরে কর্মযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁচা রাস্তার দুই পাশে সারি সারি লিচুগাছ। দূর থেকে তাকালে চোখে পড়ে ছোপ ছোপ লাল। এক রাশ সবুজের মাঝে যেন সিঁদুরের ফোঁটা। সিঁদুরের এই ফোঁটা মানে টসটসে পাকা লিচু। কোনো কোনো গাছে সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকা থোকা আধপাকা লিচু। কোথাও কোথাও চলছে পরিপক্ব লিচু পেড়ে বাজারে পাঠানোর প্রস্তুতি। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় বাগানের লিচু ঘিরে এখন চলছে নানা কর্মযজ্ঞ। নারী-শিশুসহ সব বয়সী লোকজন এখন সেখানে ব্যস্ত। একটুও অবসর নেই তাঁদের।
গতকাল সোমবার গোবিন্দনগর এলাকার কয়েকটি লিচুবাগানে গিয়ে দেখা যায়, গাছে গাছে নানা জাতের লিচু ঝুলছে। কোনো গাছের লিচু লাল টসটসে। আবার কোনো গাছের লিচুতে মাত্রই রঙ ধরেছে। তবে সব গাছের লিচুরই পরিচর্যা চলছে। বাগানের লিচুর জাতের মধ্যে রয়েছে গোলাপি, চায়না থ্রি, মাদ্রাজি ও বোম্বাই।
গোবিন্দনগর গ্রামের বাসিন্দা অশেষ সরের লিচুবাগানে চলছে লিচু পাড়ার কাজ। একদল যুবক লিচু পেড়ে স্তূপ করে রাখছেন। সেসব লিচু আবার গাছের নিচে বসে বাছাই করছেন আরেক দল নারী-পুরুষ। অশেষ বলেন, ‘বাগানের গোলাপি জাতের লিচু প্রতি হাজার ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি করে দিয়েছি এক পাইকারের কাছে। তাঁর লোকজনই গাছের লিচু পাড়া শুরু করেছেন।’
পাশের বাগানটি আবদুস সালামের। তাঁর বাগানে ৫৬টি গাছ রয়েছে। সালামের বাগানের লিচুগাছ আগাম কিনে নিয়েছেন ফেনীর দাগনভূঞার ফল ব্যবসায়ী নূর ইসলাম। তিনি বলেন, প্রতি বছর যখন গাছে মুকুল আসে, তখন তাঁরা বাগানে ঘুরে ঘুরে মুকুল দেখেন আর লিচুর ফলন নিয়ে অনুমান করেন। পছন্দের গাছ মিলে গেলে মালিকের কাছ থেকে বাগান কিনে পরিচর্যার কাজ শুরু করে দেন। এরপর লিচু পাকলে বিক্রি করে দেন দেশের বিভিন্ন এলাকার পাইকারের কাছে।
নূর ইসলাম আরও বলেন, এবার তাঁরা ছয়জন মিলে চারটি বাগান প্রায় ১২ লাখ টাকায় কিনেছেন। ২০ বছর আগে একবার নিজের গ্রামে ৩৫০ টাকায় দুটি লিচুগাছ কিনে পেয়েছিলেন এক হাজার টাকা। সেই থেকে তিনি আগ্রহী হয়ে ওঠেন এই ব্যবসায়। প্রতি বছর লিচুর মৌসুমে লোকজনসহ চলে আসেন এই এলাকায়। বাগান কেনার পর নানা ধরনের রাসায়নিক ছিটিয়ে শুরু করেন পরিচর্যা। পাশাপাশি চলে পাখি-বাদুড় তাড়ানো ও চুরি ঠেকানোর কাজ।
লিচুচাষি জাহাঙ্গীর আলম বলেন, এবার শুরুতেই বৃষ্টি না হওয়ায় লিচুর আকারও তেমন বড় হয়নি। এতে করে লিচু পাকতে শুরু করেছে একটু আগেভাগেই। এর আগের বছর জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে নেমেছিল গোলাপি জাতের লিচু। কিন্তু এবার জ্যৈষ্ঠ মাসের শুরুতেই এই জাতের লিচু পাকতে শুরু করছে। তাঁর বাগানের ২১টি গোলাপি জাতের লিচুগাছ ৫০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন।
এ ছাড়া তাঁর বাগানে মাদ্রাজি, বোম্বাই আর বেদানা জাতেরও লিচুগাছ রয়েছে। এসব লিচু গোলাকার, খুব রসাল আর ভেতরের দানাও বেশ ছোট হয়।
পুরোদমে লিচুর বাজার শুরু হতে আরও ১০-১৫ দিন সময় লাগবে বলে জাহাঙ্গীর মনে করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক মো. আরশেদ আলী বলেন, ঠাকুরগাঁওয়ে প্রায় ৮০০ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। তবে জেলার হাজার হাজার বাড়ির উঠানে লিচুগাছ আছে। জেলায় লিচু এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে।