লিচুর বিষক্রিয়ায় শিশুদের মৃত্যু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কীটনাশক দেওয়া লিচু খেয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি—দিনাজপুর জেলা প্রশাসনের গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। গত ২৩ জুন প্রথম আলোতে ‘লিচুবাগানের কীটনাশকে আট শিশুর মৃত্যু’ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর দিনাজপুরের ছয় উপজেলায় কমিটি গঠন করা হয়। ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রধান করে তৈরি এসব কমিটির প্রতিবেদন সম্প্রতি দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
কমিটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তাঁরা মৃত শিশুদের পরিবারের সদস্য এবং এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেই নিশ্চিত হয়েছেন, শিশুদের মৃত্যু লিচুর বিষক্রিয়ায় হয়নি। তবে বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, শিশু মৃত্যুর কারণ নির্ণয়ে এমন মতামত দেওয়ার এখতিয়ার এসব কমিটির নেই। গত ২৯ মে থেকে ১৮ জুন মোট ২১ দিনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত রোগে ১১ শিশুর মৃত্যু হয়। মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিভাগের প্রধান ডা. এস এম ওয়ারেস গতকাল সোমবার বলেন, অজ্ঞাত রোগে আক্রান্ত দেড় থেকে ছয় বছর বয়সের শিশুরা হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুবরণ করতে থাকলে আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করা হয়। গত ৫ জুন থেকে ১৫ জুন আইইডিসিআরের দুটি গবেষক দল দিনাজপুরে অবস্থান করে আক্রান্ত শিশুদের রক্ত সংগ্রহ করে। আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান ওই সময় বলেন, দিনাজপুর হাসপাতালে মারা যাওয়া শিশুগুলোর মধ্যে নয়টি শিশু কীটনাশকের সংস্পর্শে এসে অসুস্থ হয়। পরীক্ষায় দেখা গেছে, এদের মধ্যে আটটি শিশুর মৃত্যুর কারণ কীটনাশক। তাদের বাড়ির বা বাড়ির পাশের লিচুগাছ পরীক্ষা করে দেখা গেছে, সেখানে কীটনাশক ব্যবহার করা হয়েছে। ওই প্রতিবেদন প্রকাশের পর জেলার বিরল, কাহারোল, বীরগঞ্জ, চিরিরবন্দর, খানসামা ও পার্বতীপুর উপজেলার ইউএনওদের প্রধান করে চার সদস্যের মোট ছয়টি কমিটি করা হয়। ইউএনও ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা এবং থানার ওসি।
দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) গতকাল বলেন, এসব প্রতিবেদনে লিচু খেয়ে শিশুদের মৃত্যু হয়েছে— এমন তথ্য পাওয়া যায়নি বলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা উল্লেখ করেছেন। ওই প্রতিবেদন প্রসঙ্গে বিরলের ইউএনও আবদুল্লাহ খাইরুম বলেন, ‘আমরা নিহতদের পরিবারের অভিভাবকদের এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি।’ আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান বলেন, ‘মানব শরীরে বিষক্রিয়া পরীক্ষা করে মতামত প্রদানে দেশে একমাত্র স্বীকৃত প্রতিষ্ঠান আইইডিসিআর।’
মৃত শিশুর দেহ পরীক্ষা ছাড়া কেবল তাদের আত্মীয়দের সঙ্গে কথা বলে এমন প্রতিবেদন তৈরি কতটুকু যুক্তিসংগত—এ প্রশ্নের জবাবে আবদুল্লাহ খাইরুম বলেন, ‘আমরা গবেষণা করতে যাব কেন? আমরা কথা বলেই এসব জেনেছি।’ অধ্যাপক মাহমুদুর রহমানের নেতৃত্বে আইইডিসিআরের গবেষক দল সংশ্লিষ্ট লিচুবাগান এলাকার ৪৬টি সুস্থ শিশুর রক্ত সংগ্রহ করে নিয়ে এসেছে। মারা যাওয়া শিশুদের মতো ওই ৪৬ জন শিশুর রক্তেও উচ্চমাত্রায় ক্ষতিকারক রাসায়নিক পদার্থ পাওয়া গেছে।