লিচুর মোকাম সরগরম গুরুদাসপুরে

গাছে গাছে থোকা থোকা লাল লিচু। টসটসে লিচুর ভারে নুয়ে পড়েছে গাছগুলো। এসব লিচু সংগ্রহ করে থরে থরে সাজিয়ে রাখা হচ্ছে আড়তে। বিক্রির জন্য চলছে হাঁকডাকও। মৌসুমি ফলটি নিয়ে এই ব্যস্ততা নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর কানু ব্যাপারীর বটতলায়।
নাজিরপুর ইউনিয়নে প্রায় ৪ হাজার বিঘা জমিতে মোজাফ্ফর জাতের আগাম লিচুর আবাদ হয়। বৈশাখের শেষ সপ্তাহ থেকে এই লিচু সংগ্রহ শুরু হয়। গাছ থেকে সংগ্রহ করা লিচু দ্রুত মোকামে পাঠাতে প্রত্যন্ত গ্রামেই গড়ে উঠেছে লিচুর আড়তটি। সেটা ২০০১ সাল থেকে। তথ্যটি জানালেন স্থানীয় লিচু আড়তদার সমিতির সভাপতি মো. সাখাওয়াত হোসেন মোল্লা।
সাখাওয়াত হোসেন বলেন, এখানকার মোকামে ১৫টি লিচুর আড়ত গড়ে উঠেছে। এই মোকাম থেকে প্রতিদিন ৩০-৪০ ট্রাক লিচু (প্রতি ট্রাকে ২০০ ঝুড়ি, এক ঝুড়িতে ২ হাজার ২০০টি লিচু থাকে) ঢাকা, সিলেট, চট্টগ্রাম, যশোরসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা পাইকারি দামে কিনে নিয়ে যান। এ কারণে কৃষকও লাভবান হচ্ছেন। প্রতিদিন বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এই মোকামের ব্যস্ততা। জুনের প্রথম সপ্তাহেই মোকামের ইতি ঘটবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, এই লিচুর বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এটি আগাম জাতের। সংখ্যায় বেশি ধরে। পোকার আক্রমণ কম হয়। ফলের ৬০ ভাগই রসাল (খাওয়ার উপযোগী)। ওই কর্মকর্তার তথ্যমতে, এবার ৪০৯ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। গত বছরের চেয়ে এটা ১০ হেক্টর বেশি। এ বছর ৩ হাজার ৫০০ মেট্রিক টন লিচু উৎপাদন হয়েছে; যার বাজারমূল্য ৩০-৪০ কোটি টাকা।
পুরস্কারপ্রাপ্ত কৃষক সালাম মোল্লাসহ অন্তত ১০ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌসুমের শুরুতে ঝড় ও শিলাবৃষ্টির কারণে লিচুর ফুল ও গুটি নষ্ট হয়েছে। তবে পরে অনুকূল আবহাওয়ার কারণে ফলের আকার বড় হয়েছে। দামও বিগত বছরগুলোর চেয়ে ভালো পাওয়া যাচ্ছে।
কৃষক সালামের ভাষ্যমতে, তিনি এক একর জমিতে লিচুর বাগান করেছেন। প্রতি বিঘায় ১২টি করে লিচুগাছ আছে। প্রতিটি গাছে গড়ে পাঁচ হাজার লিচু ধরেছে। বর্তমান গড় বাজারদর ১ হাজার ৫০০ টাকা হিসাবে প্রতি বিঘার লিচু ৯০ হাজার টাকায় বিক্রি হবে। পক্ষান্তরে প্রতি বিঘায় খরচ হয়েছে (সার, কীটনাশক ও শ্রমিক বাবদ) ১৫ হাজার টাকা। খরচ বাদে বিঘায় লাভ হচ্ছে ৭৫ হাজার টাকা। তা ছাড়া লিচুর বাগানে সাথি ফসল বরই, হলুদ, মুগডাল তো আছেই।
গত শনিবার নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন লিচুবাগান ঘুরে দেখা গেছে, বাগান থেকে লিচু সংগ্রহ করছেন শ্রমিকেরা। সেসব লিচু ঝুড়িতে ভরে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে মোকামে। গুরুদাসপুরসহ আশপাশের উপজেলার বাগান থেকেও লিচু জমা করা হচ্ছে এই মোকামে।
মক্কা-মদিনাসহ বিভিন্ন ফল ভান্ডার ঘুরে জানা গেল, প্রতি হাজার লিচু রকমভেদে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ২০০ টাকায় কেনাবেচা হচ্ছে। বাগান থেকে আনা লিচু উন্মুক্ত ডাকে কিনছেন পাইকার-ফড়িয়ারা। এরপর লিচু আড়তে স্তূপ করা হচ্ছে। সবশেষে ঝুড়িতে ভরা হচ্ছে।
কথা হয় সিলেটের বাদামতলী থেকে আসা মা-বাবা ফল ভান্ডারের প্রতিনিধি রফিকুল ইসলামের সঙ্গে। তিনি জানালেন, সাত বছর ধরে এই মোকাম থেকে লিচু কিনে সিলেটে বিক্রি করেন। মৌসুমে প্রতিদিন তিনি দেড় থেকে ২ লাখ লিচু কিনে থাকেন। তাঁর মতে, এখানকার লিচুর আকার, রং, স্বাদ সবই ভালো। একই ধরনের তথ্য জানালেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মৌসুমি ফল ভান্ডার, ঢাকার মিরপুরের কাজীপাড়ার মানিক ফল ভান্ডার, যাত্রাবাড়ীর বিক্রমপুর ফল ভান্ডারের প্রতিনিধিরা। তবে ঢাকার বাদামতলীর রিফাত এন্টারপ্রাইজের প্রতিনিধি আশরাফুল ইসলাম জানালেন ভিন্ন কথা। তাঁরা আড়ত থেকে কোনো লিচু কেনেন না। তাঁরা লিচুগাছে ফুল আসার পরপরই এলাকায় প্রতিনিধি নিয়োগ করে প্রায় কোটি টাকা দাদন দিয়ে থাকেন। তাঁদের নিযুক্ত প্রতিনিধিরা বাগানমালিকদের কাছ থেকে কম টাকায় বাগান কিনে থাকেন। এরপর লিচু সংগ্রহ করে আড়তে নিয়ে বাজারদর হিসেবে মূল্য পরিশোধ করা হয়। লগ্নিকৃত টাকার সুদ হিসেবে ১০ শতাংশ কেটে নেওয়া হয়। এভাবে তাঁরা ৩০-৪০টি বাগান কিনে নিয়েছেন। এসব বাগানের লিচু সংগ্রহ করতে বেড়গঙ্গারামপুর কানু ব্যাপারীর বটতলার মোকামের প্রায় দুই কিলোমিটার দূরে মোল্লাবাজার এলাকায় পৃথক আড়ত খুলেছেন তাঁরা। সেখান থেকে প্রতিদিন চার-পাঁচ ট্রাক লিচু তাঁদের ঢাকার মোকামে নেওয়া হচ্ছে।