
নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার আসামি ইউসুফ হোসেন ওরফে লিটনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে মামলার তদন্তরত র্যাবের আবেদনের ওপর শুনানি শেষে মুখ্য বিচারিক হাকিম যাবিদ হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, ইউসুফকে জিজ্ঞাসাবাদের জন্য ১২ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ইউসুফকে আদালতে হাজির করা হয়।
ইউসুফ হোসেন সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র্যাব-১১-এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির এএসপি রবিউল ইসলাম জানান, ত্বকী হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে ইউসুফ হোসেনকে রিমান্ডে নেওয়া হয়েছে।
গত ২৯ জুলাই ইউসুফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ত্বকী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দিতে ইউসুফ হোসেন বলেন, তাঁর সঙ্গে রাজীব নামের একজনের পোশাক কারখানার ব্যবসা রয়েছে। গত ৬ মার্চ রাতে রাজীব জাতীয় পার্টির নেতা হাজি রিপনের ছেলে সীমান্তের বাসায় ছিলেন। রাজীবের কথামতো তাঁর কাছ থেকে ব্যবসার টাকা আনতে ওই রাতে সীমান্তের বাড়িতে যান ইউসুফ।
ইউসুফের ভাষ্য, ‘সেখানে গিয়ে আমি অপু, ভ্রমর (১৫ জুলাই গুম হওয়া), কালাম শিকদার (গত সোমবার থেকে নিখোঁজ), সীমান্ত ও আরেকটি ছেলেকে দেখতে পাই। ওই ছেলেটিকে আমি চিনি না। একটু পরে আমি পাশের ঘরে যাওয়ার পর মারধরের শব্দ শুনতে পাই। শব্দ শুনে আমি ফিরে এসে দেখি রাজীব, ভ্রমর ওই ছেলেটিকে গজারির লাঠি দিয়ে পেটাচ্ছে। পরে আমি রাজীবের কথায় ওই ছেলেটির গায়ে লাঠি দিয়ে দু-তিনটি আঘাত করি। মারধরের কারণে ছেলেটি মাটিতে লুটিয়ে পড়লে কালাম শিকদার বুকের ওপর উঠে ছেলেটির গলা টিপে ধরে। তিন-চার মিনিট পর ছেলেটি মারা যায়। তখন রাত ১১টা বাজে। পরে জানতে পারি, ওই ছেলেটির নাম ত্বকী। পরে আমি, কালাম শিকদার, ভ্রমর ত্বকীর লাশ ভ্রমরের গাড়ির পেছনে তুলে শহরের চারারগোপ এলাকায় নিয়ে যাই। সেখানে আমরা ত্বকীর লাশ নৌকায় তুলি। নৌকায় করে লাশ কুমুদিনী খালে নিয়ে যাই। তারপর আমরা ব্যাগ থেকে লাশ বের করে খালে ফেলে দেই। ওই সময় লাশের পরনে প্যান্ট ও শার্ট ছিল। পায়ে চামড়ার স্যান্ডেল ছিল। তারপর আমরা বাসায় চলে যাই। কালাম শিকদার ও ভ্রমর গাড়িতে উঠে চলে যায়।’
গত ৬ মার্চ নিখোঁজ হওয়ার দুই দিন পর ৮ মার্চ শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ত্বকীর বাবা রফিউর রাব্বি বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন।
পুলিশ ত্বকী হত্যা মামলায় রিফাত, সীমান্ত ও ইউসুফ হোসেনকে গ্রেপ্তার করে। ত্বকী হত্যার ঘটনায় সাবেক সাংসদ আওয়ামী লীগের নেতা শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান, জেলা যুবলীগের বহিষ্কৃত প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, পারভেজ ওরফে ক্যাঙ্গারু পারভেজসহ ছয়জনকে অভিযুক্ত করে রফিউর রাব্বি জেলা পুলিশ সুপারকে অবগতিপত্র দেন।
গত ১৫ জুলাই ইউসুফ হোসেন ওই মামলায় উচ্চ আদালত থেকে ছয় মাসের জামিন আদেশ নিয়ে নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হন। র্যাব পরিচয়ে সাদা পোশাকধারী লোকজন তাঁকে তুলে নিয়ে যায় বলে পরিবারের লোকজন অভিযোগ করে। এর পর থেকে ইউসুফ হোসেন নিখোঁজ ছিলেন।
২৯ জুলাই সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে র্যাব-১১ তাঁকে ৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে। ত্বকীর বাবা রফিউর রাব্বির আবেদনে হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ত্বকী হত্যা মামলাটি গত ২০ জুন আনুষ্ঠানিকভাবে র্যাবের কাছে হস্তান্তর করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ। অবগতিপত্রভুক্ত জেলা যুবলীগের বহিষ্কৃত প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া ৬ জুলাই ঢাকার গুলশান এলাকা থেকে নিখোঁজ হন। ২০ মার্চ পুলিশ ত্বকী হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রিফাত বিন ওসমানকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেয়।
২৫ জুন নারায়ণগঞ্জে ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া জাতীয় পার্টির নেতা হাজি রিপনের ছেলে সীমান্তকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। পরে অ্যাটর্নি জেনারেলের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ তা বাতিল করে দেন। সীমান্তকে র্যাব পাঁচ দিনের রিমান্ডে নেয়। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রোববার তাঁকে কারাগারে পাঠানো হয়।