নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলার অন্যতম আসামি ইউসুফ হোসেন ওরফে লিটনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গত রোববার জেলা ও দায়রা জজ মালিক আবদুল্লাহ আল আমীনের আদালতে লিটনের জামিন আবেদন করা হয়।
সাংসদ শামীম ওসমানপক্ষের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা আসামি লিটনের জামিনের আবেদন করেন। শুনানিতে খোকন সাহা বলেন, লিটন মুক্তিযোদ্ধার সন্তান। এজাহারে তাঁর নামও নেই। তাই লিটনের জামিন প্রার্থনা করা হলো। জামিনের বিরোধী পক্ষে ছিলেন আইনজীবী জিয়াউল ইসলাম ও প্রদীপ ঘোষ। রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি আসাদুজ্জামানও জামিনের বিরোধিতা করেন।
এদিকে আইনজীবী খোকন সাহা শুনানিতে আসামি লিটনের বাবাকে মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করায় নারায়ণগঞ্জের বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ত্বকী হত্যা মামলার বাদী রফিউর রাব্বি বলেন, আসামি লিটনের বাবা সালাহউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ চলাকালে নগরের আমলাপাড়া এলাকায় স্বাধীনতাবিরোধী রাজাকার ও আলবদরদের পক্ষে কাজ করেছেন। চাঞ্চল্যকর এ হত্যা মামলার আসামির জামিনের জন্য শামীম ওসমানের অনুগত আইনজীবীরা রাজাকারকে আদালতে মুক্তিযোদ্ধা হিসেবে তুলে ধরছেন।
লিটনকে গত বছর এপ্রিলে গ্রেপ্তার করা হয়। লিটনের জামিন আবেদনের আগে ত্বকী হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামি সুলতান শওকত ওরফে ভ্রমরকে হাইকোর্ট গত মাসে জামিন দেন। এর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না।