লিটনের বাসায় ওঁরা ১২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের বিএনপি-সমর্থিত ১২ জন কাউন্সিলর গত শনিবার রাতে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে তাঁর বাসায় বৈঠক করেছেন। এসব কাউন্সিলর পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলাসহ বিভিন্ন নাশকতা মামলার আসামি। গ্রেপ্তার এড়াতে তাঁরা পলাতক ছিলেন।
বৈঠক সূত্রে জানা যায়, পুলিশি হয়রানি থেকে বাঁচতে কাউন্সিলররা সাবেক মেয়রের শরণাপন্ন হয়েছেন। তাঁরা আওয়ামী লীগেও যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে কেউ মুখ খুলছেন না।
বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর অভিযোগ, বিএনপির লোকজনকে মামলা, হামলা ও পুলিশি হয়রানির ভয় দেখিয়ে আওয়ামী লীগে যোগ দিতে বাধ্য করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা খায়রুজ্জামানের বাসা থেকে প্যানেল মেয়র-২ ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান, ১১ নম্বর ওয়ার্ডের আবু বাক্কার, ১৫ নম্বর ওয়ার্ডের আবদুস সোবহান, ১৬ নম্বর ওয়ার্ডের বেলাল আহমেদ, ১৪ নম্বর ওয়ার্ডের মো. টুটুল, ২৮ নম্বর ওয়ার্ডের আশরাফুল হাসান, ২৯ নম্বর ওয়ার্ডের শাহজাহান আলী ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহরাব হোসেন শেখকে বের হতে দেখেছেন। এ ছাড়া ভারপ্রাপ্ত মেয়র নিযাম-উল আযীমসহ আওয়ামী লীগ-সমর্থিত কয়েকজন কাউন্সিলরও সেখানে উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী জানান, শনিবার রাত ১০টার দিকে কাউন্সিলরদের দলটি খায়রুজ্জামানের উপশহরের বাড়িতে যান। বৈঠক শেষে রাত পৌনে ১২টার দিকে তাঁরা বের হয়ে আসেন। বৈঠকে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান। বিএনপি-সমর্থিত এই কাউন্সিলর কয়েক দিন আগে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এখন তাঁর দেখাদেখি আরও কয়েকজন কাউন্সিলর মামলা ও পুলিশি হয়রানি এড়াতে আওয়ামী লীগে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে।
জানতে চাইলে সোহরাব হোসেন শেখ বলেন, বর্তমানে মেয়র না থাকায় ওয়ার্ডগুলোতে উন্নয়নকাজ হচ্ছে না। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। তাই আটকে থাকা প্রকল্পগুলোর জন্য সাবেক মেয়র যেন একটু তদবির করেন, সে জন্য তাঁরা তাঁর সহযোগিতা চেয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাঁরা অপরাধী নন, তাঁদের যেন পুলিশ হয়রানি না করে, সেদিকে দৃষ্টি রাখতে তাঁরা সাবেক মেয়রের প্রতি অনুরোধ জানিয়েছেন। তবে আওয়ামী লীগে যোগদানের ব্যাপারে কোনো আলোচনা হয়নি।
মো. টুটুল বলেন, সাড়ে ২৭ কোটি টাকার একটি রাস্তা একনেকে অনুমোদন হয়েছে। এটি সাবেক মেয়রের সময়ের কাজ। সে জন্য তাঁরা তাঁকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন। আওয়ামী লীগে যোগদানের গুজবের বিষয়ে তিনি বলেন, ‘আজকেও (সোমবার) আমি দলীয় কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে এ রকম কোনো আলোচনা হয়নি।’ শাহজাহান আলী বলেন, আওয়ামী লীগে যোগদানের বিষয়ে কোনো কথা হয়নি।
যোগাযোগ করা হলে খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি করপোরেশনের অচলাবস্থা নিরসনের জন্য ওই ১২ জন কাউন্সিলর তাঁর সহযোগিতা চেয়েছেন। পুলিশি হয়রানি না করার জন্য অনুরোধ করেছেন। তিনি তাঁদের বলেছেন, তিনি মেয়র থাকার সময়ে দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে থেকে কাজ করেছেন। বিএনপির কাউন্সিলরদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। মামলা প্রসঙ্গে তিনি বলেন, তাঁরা জামিন নিয়েছেন।
জামিনের বিষয়ে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান বলেন, ‘বিএনপিপন্থী কাউন্সিলররা যে জামিন নিয়েছেন, তা আমি শুনিনি।’
রাজশাহী সিটি করপোরেশনে বর্তমানে বিএনপি-সমর্থিত কাউন্সিলরের সংখ্যা ১৮ জন।