লিপিকে হত্যার কথা স্বীকার হযরতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্রী লিপি আক্তার খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া হযরত আলীর দেওয়া তথ্য যাচাই করছে পুলিশ। হযরত হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।কাফরুল থানা সূত্র জানায়, গত শনিবার রাতে লিপির ভাই সুমন আকন্দ বখাটে হযরত আলীকে আসামি করে হত্যা মামলা করেন। হযরতের ভগ্নিপতি নাজমুল হাসান ও তাঁদের বাড়ির মালিক সিদ্দিক আলীর বিরুদ্ধে এ ঘটনায় ইন্ধনের অভিযোগ আনা হয়েছে।মামলার অভিযোগে বলা হয়, লিপি গ্রামের বাড়ি কিশোরগঞ্জ থেকে ট্রেনে শনিবার দুপুরে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় নামেন। সেখান থেকে রিকশায় পশ্চিম ভাষানটেকের বাসায় ফেরার পথে উত্তর ভাষানটেকের সুনীলপাড়া আহলে হাদিস মসজিদের গলিতে হযরত ছুরি দিয়ে লিপিকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে। তার ভগ্নিপতি নাজমুল ও বাড়ির মালিক সিদ্দিকের ইন্ধনে হযরত পরিকল্পিতভাবে লিপিকে খুন করে।অভিযোগে আরও বলা হয়, তিন-চার মাস আগে হযরত লিপিকে বিয়ের প্রস্তাব দেয়। লিপি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর হযরত লিপিকে বিয়েতে রাজি করাতে নানা চেষ্টা করে। হযরতের অত্যাচারে লিপিরা বাসা ছেড়ে অন্য এলাকায় চলে যান। এতে হযরত ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সবাইকে দেখে নেওয়ার হুমকি দেয়।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, হযরতের দাবি, প্রেম করে বিয়ে করলেও লিপি তাকে তালাক দেন। এরপর অন্য এলাকায় বাসা নেওয়ায় লিপির সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে হত্যাকাণ্ড ঘটায়। আজ সোমবার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠিয়ে হযরতকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। ওসি জানান, তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে হযরতের ভগ্নিপতি ও তাঁদের বাড়িওয়ালাকে গ্রেপ্তার করা হবে।