লিফট ছিঁড়ে গাড়িচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে গতকাল শনিবার বিকেলে একটি আবাসিক ভবনের লিফট ছিঁড়ে নূরু মিয়া (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই ভবনের এক বাসিন্দার গাড়িচালক ছিলেন।
গত শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে এক শিশুসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ছাড়া একই দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে নূরু মিয়াকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান কয়েকজন। তখন কর্তব্যরত চিকিৎসক নূরুকে মৃত ঘোষণা করেন।
যাঁরা নূরুকে হাসপাতালে নিয়ে গিয়েছেলেন, তাদের একজন মো. সুমন জানান, তিনি ধানমন্ডির ১৫ নম্বর সড়কের একটি ছয়তলা বাড়ির তত্ত্বাবধায়ক। চার তলায় থাকা এক বাসিন্দার গাড়িচালক ছিলেন নূরু। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে নূরু কোনো এক কাজে লিফটের চারতলায় ওঠেন। আবার চারতলা থেকে লিফটে নিচে নামছিলেন। এ সময় চারতলা থেকেই লিফট ছিঁড়ে বিকট শব্দে নিচে পড়ে যায়। এতে দুমড়ে-মুচড়ে যায় লিফট। পরে নূরুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধানমন্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে রাজধানীর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় রফিকুল ইসলাম (১৩) নামের একটি শিশু। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।
এর আগে শুক্রবার সকালে রাজধানীর মুগদায় আম পাড়তে গাছে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যান আবদুল আলী (৭৫) নামের এক বৃদ্ধ। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজতির মৃত্যু: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার সকাল নয়টার দিকে আবদুস সালাম (৪২) নামের এক হাজতিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সালামের বাবার নাম হাসান আলী। গ্রামের বাড়ি নাটোরে।