লিফট ছিঁড়ে পড়ার ঘটনা তদেন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লিফট ছিঁড়ে পড়ার ঘটনায় হাসপাতালের উপপরিচালক আবুল আহসানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে হাসপাতালে জরুরি সভা করে এই কমিটি করা হয়।
তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক লক্ষ্মী নারায়ণ ও গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) তাহেদুর রহমান। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন আহমেদ বলেন, লিফট ছিঁড়ে পড়ার ঘটনাটি নিছকই দুর্ঘটনা। তারপরও কারও দায়িত্বে অবহেলা আছে কি না, সেটি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একটি লিফট ছিঁড়ে গেলে হাসপাতালের রোগী জসিম উদ্দিনসহ একই পরিবারের পাঁচ সদস্য আহত হন।
আহত বাকিরা হলেন জসিম উদ্দিনের স্ত্রী পারভীন আক্তার, মেয়ে সুমি আক্তার, ছেলে শাহীন আলম ও ইফাদ সাদিক। তাঁরা জসিম উদ্দিনকে ড্রেসিং করানোর জন্য হাসপাতালে চারতলার ১৯ নম্বর ওয়ার্ড থেকে দোতলায় যাওয়ার সময় লিফটটি ছিঁড়ে যায়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সবাইকে উদ্ধার করা হয়। আহত পাঁচজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।