লিফট ছিঁড়ে রোগীসহ একই পরিবারের পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার বিকেলে একটি লিফট ছিঁড়ে এক রোগীসহ একই পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। লিফটে আটকা পড়ার প্রায় তিন ঘণ্টা পর হাসপাতালের কর্মচারী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করেন।
আহত ব্যক্তিরা হলেন মো. জসিম উদ্দিন (৫৫), তাঁর স্ত্রী পারভীন আক্তার (৪৫), মেয়ে সুমি আক্তার (১৯), ছেলে শাহীন আলম (২০) ও ইফাদ সাদিক (১০)। তাঁদের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামে।
হাসপাতাল কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জসিম উদ্দিন গত সোমবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালটিতে ভর্তি হন। তিনি চতুর্থ তলায় ১৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। ক্ষতস্থানে ড্রেসিং করানোর জন্য জসিমকে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে চতুর্থ তলা থেকে দোতলার ৯ নম্বর ওয়ার্ডে নেওয়া হচ্ছিল। জসিমকে ট্রলিতে করে লিফটে ওঠানোর সময় সঙ্গে তাঁর পরিবারের ওই সদস্যরাও ছিলেন। জসিমকে বহন করা ট্রলিটির অর্ধেক অংশ প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে লিফটটি ছিঁড়ে পড়ে।
খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। ঘটনার পরপরই পারভীন আক্তারকে উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের ২০ জনের একটি দল লিফটের দরজা কেটে প্রায় পৌনে দুই ঘণ্টা পর ইফাদ ও সুমিকে উদ্ধার করে। এর ১৫ মিনিট পর উদ্ধার করা হয় শাহীন আলমকে। প্রায় তিন ঘণ্টা পর উদ্ধার করা হয় জসিম উদ্দিনকে।
ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী জানান, আহত জসিম উদ্দিনকে উদ্ধার করতে সতর্কতা অবলম্বন করায় বেশি সময় লেগেছে। উদ্ধারের পর সবাইকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় চিকিৎসকেরা জানান, তাঁরা জসিম উদ্দিন ও পারভীন আক্তারের শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন।
আহত ইফাদ সাদিক জানায়, লিফটটি যখন ছিঁড়ে পড়ে, তখন সে কিছুই বুঝে উঠতে পারছিল না। অন্ধকারে তাঁরা সবাই চিৎকার ও কান্নাকাটি করতে থাকেন। ভেতরে তাঁদের দম বন্ধ হয়ে আসছিল।
হাসপাতালে থাকা রোগীর স্বজনেরা ও উপস্থিত অনেক মানুষ এই দুর্ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছেন। তাঁরা অভিযোগ করেন, লিফটটি অনেক পুরোনো। সেটিতে দায়িত্ব পালন করা ব্যক্তি (লিফটম্যান) ছিলেন না। থাকলেও হয়তো সতর্ক করতে পারতেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মেডিকেল কলেজের মোট ১৬টি লিফটের মধ্যে পাঁচটি বেশ পুরোনো। এই তালিকায় দুর্ঘটনাকবলিত লিফটটিও রয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘হাসপাতালের পুরোনো লিফটে দুজনের বেশি না ওঠার জন্য আমরা মাইকিং পর্যন্ত করে থাকি। তারপরও রোগী ও তাঁদের স্বজনেরা সচেতন হন না। এ ক্ষেত্রে কারও কোনো অবহেলা থাকলে আমরা তদন্ত কমিটি করে বিষয়টি খতিয়ে দেখব।’