লিফট থেকে পড়ে নিরাপত্তাকর্মী ও পুকুরে ডুবে শিশুর মৃত্যু
রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় গতকাল শুক্রবার সকালে লিফট থেকে পড়ে আবু সুফিয়ান (৪৫) নামের এক নিরাপত্তাকর্মী মারা গেছেন। এ ছাড়া খিলগাঁওয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী সাংবাদিকদের জানান, নিহত সুফিয়ান বনানীর ডিওএইচএস এলাকার ৬ নম্বর সড়কের একটি বাড়ির নিরাপত্তাকর্মী ছিলেন। গতকাল সকাল সাড়ে আটটার দিকে তিনি ছয়তলা থেকে লিফটে করে নিচে নামছিলেন। মাঝখানে এসে লিফটটি হঠাৎ বন্ধ হয়ে যায়। আশপাশের লোকজন অনেক চেষ্টা করে কোনোমতে লিফটের দরজা ফাঁক করে সুফিয়ানকে লিফট থেকে নেমে আসতে বলেন। কিন্তু তিনি ভয় পেয়ে লিফট থেকে লাফ দিলে পা পিছলে মাথা ও পায়ে আঘাত পেয়ে ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যান। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
জানা গেছে, সুফিয়ানের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুরে খিলগাঁওয়ের শেখের জায়গায় অন্য শিশুদের সঙ্গে বাসার পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় ১০ বছরের শিশু সালমা। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সালমার বাবার নাম মিসির আলী। তাদের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুরে।