লিফট দুর্ঘটনায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও লিফট দুর্ঘটনা। গতকাল রোববার রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি ভবনের লিফটের ফোকর দিয়ে পড়ে অমল কুণ্ডু (৫৫) নামের একজন নিহত হয়েছেন। এ নিয়ে চলতি মাসে লিফট দুর্ঘটনায় রাজধানীতে চারজন প্রাণ হারালেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে নিউমার্কেটসংলগ্ন বিশ্বাস বিল্ডার্স নিউমার্কেট সিটি কমপ্লেক্সের ছয়তলা থেকে লিফটে ওঠার জন্য বোতাম টেপার পর দরজা খুললেও লিফট আসেনি। অভ্যাসবশত দরজা খোলার পরই লিফটে উঠতে গিয়ে ফোকর দিয়ে নিচে পড়ে প্রাণ হারান অমল। অমল ওই ভবনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন।
নিউমার্কেট থানার পুলিশ অমলের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ভবনটির নির্মাণকাজ শেষ হলেও ভেতরে সাজসজ্জার কাজ চলছিল। অমল কুণ্ডু দশমতলায় কাজ করছিলেন।
এর আগে ২১ জুলাই যাত্রাবাড়ীতে শাহরিয়ার স্টিল মিল নামে একটি ইস্পাত কারখানার মালামাল ওঠানোর লিফট ছিঁড়ে পড়ে মো. জালালউদ্দীন (২৫) ও মো. আতিক (৩০) নামের দুজন শ্রমিক নিহত হন। ৮ জুলাই কারওয়ান বাজারের হোটেল লা ভিঞ্চির লিফট মেরামতের সময় তা ছিঁড়ে পড়ে আকরামুজ্জামান নামের একজন প্রকৌশলী নিহত হন।