লিফট দুর্ঘটনায় একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার-সংলগ্ন একটি বহুতল ভবনের লিফটের ফাঁক গলে নিচে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মৃত আবদুল জলিল প্রামাণিকের বাড়ি (৭০) ফরিদপুর সদরের হাতিলক্ষ্মীপুর গ্রামে। তিনি ওই ভবনে তাঁর বড় ছেলে কবির হোসেনের বাসায় বেড়াতে এসেছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কবির হোসেন সাংবাদিকদের বলেন, গতকাল শনিবার আনুমানিক বেলা সাড়ে ১১টা থেকে ১২টার দিকে আবদুল জলিল তাঁর ছোট ছেলে বিল্লাল হোসেনের জন্য দুপুরের খাবার নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন। এর কিছুক্ষণ পরই তাঁরা আবদুল জলিলের নিচে পড়ে মৃত্যুর ঘটনাটি শুনতে পান।
নিউমার্কেট থানার এসআই মোজাম্মেল হক বলেন, ১৪ তলাবিশিষ্ট ওই ভবনের ১৩ তলায় থাকতেন কবির হোসেন। সম্ভবত যান্ত্রিক গোলযোগের কারণে লিফটটি সঠিক সময়ে এসে পৌঁছায়নি। কিন্তু তার আগেই দরজা খুলে গেছে। আর লিফট এসেছে ভেবে উঠতে গিয়েই তিনি নিচে পড়ে যান।