লিফটে আটকা পড়ে রোগীর মৃত্যু!
ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নিতে গিয়ে বিকল লিফটে আটকা পড়ে থাকা অবস্থায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাঁর নাম কমলা বেগম (৬২)। তাঁর ছেলের অভিযোগ, লিফট বিকল হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ তত্পর না হওয়ার কারণেই তাঁর মায়ের মৃত্যু হয়েছে।কমলা বেগমের ছেলে জসিম উদ্দিন জানান, তাঁদের বাড়ি সাভার পৌর এলাকার অমরপুর গ্রামে। গত বৃহস্পতিবার বিকেলে তাঁর মা কমলা বেগমের শ্বাসকষ্ট শুরু হলে সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সকেরা তাঁকে ভর্তি করে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী কয়েকজন আয়া তাঁকে একটি স্ট্রেচারে করে লিফটে হাসপাতালের পঞ্চম তলায় উঠছিলেন। তৃতীয় তলায় গিয়ে লিফটি বন্ধ হয়ে যায়। এ সময় লিফটে কোনো চালক ছিলেন না। ভেতরে থাকা আয়ারা কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করেন। কিন্তু এতে কোনো কাজ হয়নি। তাঁর অভিযোগ, লিফটে চালক না থাকা এবং কর্তৃপক্ষের অবহেলার কারণেই তাঁর মায়ের মৃত্যু হয়েছে।হাসপাতালের পরিচালক আশরাফ উল্লাহ বলেন, বিদ্যুতের ভোল্টেজ কম থাকায় তৃতীয় তলায় ওঠার পর লিফটি বন্ধ হয়ে যায়। তাঁর দাবি, কয়েক মিনিট বন্ধ থাকার পর লিফটি চালু হলেও মুমূর্ষু কমলা বেগম ওই সময়ের মধ্যেই মারা যান।