লিফটের চাপায় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরের আল-ফালাহ টাওয়ারের লিফটের নিচে চাপা পড়ে কলেজের শিক্ষার্থী ইসমাইল হোসেনের (১৯) শরীরের অধিকাংশ হাড় ভেঙে গেছে। শিক্ষার্থীর পরিবারের সদস্যদের অভিযোগ, লিফটের ত্রুটি ও কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। সিলেট কমার্স কলেজের একাদশ শ্রেণির ছাত্র ইসমাইল ধোপাদীঘিরপার এলাকার আল-ফালাহ টাওয়ারের ষষ্ঠতলায় তাঁর বড় ভাইয়ের সঙ্গে থাকতেন। গত বৃহস্পতিবার রাতে তাঁর চাচাতো ভাই মুহিবকে নিয়ে নিচে যাওয়ার জন্য লিফটের বাটন চাপেন। দরজা খোলার পর ইসমাইল সেখানে ওঠামাত্রই ষষ্ঠতলা থেকে নিচে পড়ে যান। মিনিট কয়েকের ব্যবধানে লিফটি নিচে গিয়ে তাঁকে চাপা দেয়। এ সময় মুহিব দ্রুত নিচে গিয়ে টাওয়ারের মানুষের সহযোগিতায় ইসমাইলকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে সোবহানীঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
তবে আল-ফালাহ টাওয়ারের এমডি মোহাম্মদ আলী আকিক বলেন, এটি একটি দুর্ঘটনা। লিফটের কারিগরি ও যান্ত্রিক খুঁটিনাটি বিষয়াদি পরীক্ষা করে দেখা হচ্ছে।