লিফটের দরজা ফাঁক করতেই মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের দরজা ফাঁকা করে উঁকি দিয়ে দেখতে গিয়ে ভোলা মামুদ (৬৫) নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত সোমবার চিকিৎসাধীন মেয়েকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন লালমনিরহাট সদর উপজেলার হীরা-মানিক গ্রামের মামুদ। বেলা তিনটার দিকে হাসপাতালের পূর্বদিকের পঞ্চম তলায় তিনি লিফটের জন্য অপেক্ষা করছিলেন। অনেকক্ষণ ধরে লিফট না আসায় মামুদ লিফটের দরজা ফাঁক করে উঁকি মারেন। এরই মধ্যে লিফটটি এসে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে লিফটচালক রাফাল চন্দ্র আত্মগোপনে রয়েছেন। সরেজমিনে পরিদর্শন ও রোগীর আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালের মোট ১৫টি লিফটের মধ্যে ছয়টি চালু রয়েছে এবং চারটি ছাড়া অন্য ১১টির সিগন্যাল বাতি নষ্ট। এসব লিফটের দরজা টেনে ফাঁক করা যায়। সিগন্যাল বাতি না থাকায় লিফট ব্যবহারকারী ব্যক্তিরা প্রথমে লিফটচালককে ডাক দেন। এতে কাজ না হলে দরজা ফাঁক করে উঁকি মেরে দেখেন। দীর্ঘদিন ধরে এভাবেই চলে আসছিল। এরই মধ্যে গত সোমবার দুর্ঘটনাটি ঘটল। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লিফটসহ হাস-পাতালের সংরক্ষণ ও মেরামতের দায়িত্ব গণপূর্ত বিভাগের। গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী বিকাশ ভূষণ বকশি বলেন, এসব লিফট একেবারেই চলাচলের অনুপযোগী। জনগণের অসুবিধা বিবেচনা করে তা সংস্কার করে কেনোরকমে চালানো হচ্ছে। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, হাসপাতালের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। তবে এ ব্যাপারে কোনো মামলা হয়নি।