লিফটের শিকল ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সূত্রাপুরে গত বৃহস্পতিবার গভীর রাতে বহুতল ভবন থেকে মেশিন নামানোর সময় লিফটের শিকলের ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত দুই শ্রমিক হলেন হাবিব শেখ (২৬) ও মো. নওয়াব (২৫)।
সূত্রাপুর থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সদরঘাটের কাছে ১২ তলাবিশিষ্ট গ্রেটওয়াল মার্কেটের ১০ তলা থেকে ওই দুই শ্রমিক শিকলযুক্ত লিফটের সাহায্যে এমব্রয়ডারি মেশিন নিচে নামাচ্ছিলেন। এ সময় হঠাৎ শিকল ছিঁড়ে লিফটটি মেশিন ও তাঁদেরসহ নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাবিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও নওয়াবকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বুড়িগঙ্গায় ডুবে দুজনের মৃত্যু
হাজারীবাগে গতকাল শুক্রবার সন্ধ্যায় বুড়িগঙ্গা নদীতে ডুবে সজল চন্দ্র দাস (১৭) ও সুভং চন্দ্র দাস (১৮) নামের দুজন মারা গেছেন। সজল স্কুলছাত্র ও সুভং কলেজছাত্র বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে সজল ও সুভংকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান কয়েকজন। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। সজল ও সুভং হাজারীবাগের গণকটুলির মেথরপট্টি এলাকায় থাকতেন। গতকাল সন্ধ্যায় সজল ও সুভং হাজারীবাগের ঝাউচড়ের গুদারাঘাটসংলগ্ন নদীতে পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর তাঁদের উদ্ধার করা হয়। হাজারীবাগ থানার উপপরিদর্শক জলিলুর রহমান বলেন, ‘ঘটনা শুনেছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকালে মিরপুর ২ নম্বর এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় শ্রমিক মনিরুল ইসলাম (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তাঁর গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীতে, বাবা মতি বিশ্বাস।