লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে আজ বুধবার ‘জেগে ওঠো’ শিরোনামে সরকারবিরোধী লিফলেট প্রচার করা হয়েছে। এর সঙ্গে জড়িত লোকজনকে খুজেঁ বের করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে সচিবালয়ের নিরাপত্তা বাড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে ফ্যাক্সযোগে সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে কারা এই লিফলেট তৈরি করেছে, কারা বিতরণ করেছে, তা–ও খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়। সচিবালয়ে গোয়েন্দা নজরদারি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে নির্দেশনায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সদস্যরা জানান, ‘দেশপ্রেমিক কর্মকর্তা-কর্মচারী’দের পক্ষে আটটি স্লোগানসহ ‘জেগে ওঠো’ শিরোনামে আজ বুধবার সচিবালয়ের বিভিন্ন জায়গায় সরকারবিরোধী এই লিফলেট প্রচার করা হয়। সচিবালয়ের ৮ নম্বর ভবনের সামনে থেকে এ লিফলেট জব্দ করে নিরাপত্তা পুলিশ। সচিবালয় নিরাপত্তা পুলিশের সদস্যরা জানান, বিএনপি–সমর্থক কর্মচারীরা সচিবালয়ের ৮ নম্বর ভবন থেকে অথবা অন্য ভবন থেকে এসে গোপনে লিফলেট ফেলে দেন।
সচিবালয় নিরাপত্তা শাখা সূত্র জানায়, লিফলেট ছড়ানোর পর দুপুর থেকে বিষয়টি নিয়ে নিরাপত্তা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর হয়ে ওঠেন। যেসব লিফলেট গোপনে ছাড়ানো হয়, তা সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরের পর সচিবালয় শাখার নিরাপত্তা পুলিশের পক্ষ থেকে ৮ নম্বর ভবনসহ (ধর্ম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়) বিভিন্ন ভবনের সিসি ক্যামেরায় তল্লাশি চালানো হয়, লিফলেট ছড়ানো ব্যক্তিকে আটক করার জন্য। গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানান, সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি–সমর্থক কিছু কর্মচারী গোপনে সচিবালয়ে লিফলেট ছড়িয়েছেন। দু–একটি কপি ভবনের ওপর থেকে ফেলে দেওয়া হয়েছে গণমাধ্যমের কর্মীদের উদ্দেশে। তবে গণমাধ্যমের কর্মীদের হাতে আসার আগেই পুলিশের গোয়েন্দা সংস্থা তা সংগ্রহ করে ফেলে।
এ বিষয়ে জানতে চাইলে সচিবালয়ে নিরাপত্তা শাখার সহকারী পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘আমরাও শুনেছি লিফলেট পাওয়া গেছে।’