লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ৫০ বাংলাদেশি আটক
ভূমধ্যসাগরে ৫০ বাংলাদেশিসহ ২৬৯ জন তিউনিসিয়ার কোস্ট গার্ড বাহিনীর হাতে আটক হয়েছেন। তাঁদের তিউনিসিয়ার একটি দ্বীপে আটক রাখা হয়েছে। ওই ব্যক্তিরা লিবিয়া থেকে অবৈধভাবে নৌকায় করে ভূমধ্যসাগর পেরিয়ে ইতালি যাওয়ার উদ্দেশে রওয়ানা হয়েছিলেন।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকী প্রথম আলোকে জানান, তিনি আজই তিউনিসিয়ার আটক বাংলাদেশিদের সঙ্গে দেখা করে লিবিয়ায় ফিরেছেন। আটক ব্যক্তিদের মধ্যে ৫০ বাংলাদেশি আছেন। এই ৫০ জনসহ মোট ২৬৯ জন নৌকায় করে ইতালি যাচ্ছিলেন।
আহসান কিবরিয়া বলেন, ৪ জুন তিউনিসিয়ার কোস্টগার্ড ওই ব্যক্তিদের আটক করে। তিনি বলেন, ‘আমি আটককৃতদের সঙ্গে আমি কথা বলেছি। খুব শিগগিরই তাঁদের নাম-পরিচয় ঢাকায় পাঠাব।’
লিবিয়ায় থেকে ভূমধ্যসাগর পেরিয়ে ইতালি যাওয়ার চেষ্টা অহরহই হচ্ছে। ঝুঁকিপূর্ণ এ যাত্রায় অনেকের প্রাণহানি হয়।