লিবিয়া থেকে দেশে ফিরেছেন সেই দুই বাংলাদেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ায় অপহৃত ও পরে মুক্তি পাওয়া দুই বাংলাদেশি অবশেষে গতকাল সোমবার দেশে ফিরেছেন। এই দুই বাংলাদেশি হলেন নোয়াখালীর আনোয়ার হোসেন ও জামালপুরের হেলালউদ্দিন। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরিবার সূত্র এ কথা জানিয়েছে। খবর ইউএনবির।
হেলালউদ্দিনের মেয়ে হেলেনা আক্তার টেলিফোনে জানান, ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি তাঁর বাবার সঙ্গে কথা বলেছেন। অপর দিকে আনোয়ারের ভাই আমজাদ হোসেন বলেন, তিনি তাঁর ভাইকে বিমানবন্দরে গ্রহণ করেছেন। তাঁর ভাই বর্তমানে উত্তরায় তাঁদের বড় ভাই ইমাম হোসেনের বাসায় আছেন।
গত ৬ মার্চ লিবিয়ার সিরতে শহরে একটি তেলখনিতে কাজ করার সময় একটি সশস্ত্র জঙ্গিগোষ্ঠী তাঁদের অপহরণ করে। গত ২৫ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁদের মুক্তির কথা নিশ্চিত করে।